‘বিশ্বব্রহ্মাণ্ডে এমন রাস্তা দেখিনি’, কেবিসির মঞ্চে ষাটের দশকের কলকাতা ও পার্ক স্ট্রিট নিয়ে আবেগপ্রবণ অমিতাভ

বলিউডের ‘শাহেনশাহ’ হওয়ার বহু আগে ১৯৬২ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত সাধারণ এক চাকুরিজীবী হিসেবে কলকাতায় দিন কাটিয়েছেন অমিতাভ বচ্চন। সম্প্রতি জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বানেগা ক্রোড়পতি’-র মঞ্চে দাঁড়িয়ে সেই পুরোনো কলকাতার স্মৃতি রোন্থন করে চরম আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। ষাটের দশকের পার্ক স্ট্রিটের ঝলমলে রাত, বন্ধুদের সঙ্গে আড্ডা আর রেস্তরাঁর পরিবেশের কথা স্মরণ করে অভিনেতা জানান, সেই সময় তাঁরা ছিলেন নেহাতই বেকার। পার্ক স্ট্রিটের অনন্য পরিবেশের প্রশংসা করে তিনি স্পষ্ট জানান, বিশ্বব্রহ্মাণ্ডে এমন অসাধারণ রাস্তা তিনি আর কোথাও দেখেননি।
ষাট ও সত্তরের দশকে কলকাতার পার্ক স্ট্রিট শুধু বিত্তশালী বা সংস্কৃতিমনস্ক মানুষদের রাতের বিনোদনের কেন্দ্র ছিল না, বরং তা ছিল নতুন নতুন প্রতিভার আঁতুড়ঘর। ব্লু ফক্স, মকম্বো কিংবা মূলিন রুজের মতো বিখ্যাত রেস্তরাঁগুলোতে তখন নিয়মিত সংগীত পরিবেশন করতেন বহু শিল্পী, যাঁরা পরবর্তীকালে মুম্বইয়ের বিনোদন জগতে নিজেদের প্রতিষ্ঠা করেছেন। জীবনের সেই বিশেষ অধ্যায় ও শহরের প্রতি গভীর টানের কথা প্রকাশ করে অমিতাভ আরও একবার প্রমাণ করলেন, ক্যারিয়ারের গোড়ার দিকের কলকাতাকে তিনি আজও হৃদয়ে আগলে রেখেছেন।