মিড ডে মিলে আচমকা এল তুলতুলে রসগোল্লা আর সুস্বাদু মাছ! হুলস্থুল কাণ্ড হাওড়ার স্কুলেই

হাওড়ার রাজলক্ষ্মী ব্যাঁটরার মধুসূদন পাল চৌধুরী বিদ্যালয়ে সম্প্রতি এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকলেন শিক্ষক ও শিক্ষার্থীরা। স্কুলে সারথি প্রকল্পের সাইকেল বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে পড়ুয়াদের সঙ্গেই বসে মিড ডে মিল খেয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার ঠিক পরদিনই মুখ্যমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে স্কুলের প্রায় ১২০০ শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য পৌঁছায় সুস্বাদু মাছ ও মিষ্টি। প্রতিদিনের ধরাবাঁধা মেনু বদলে চড়ুইভাতির আমেজ তৈরি হওয়ায় খুশির হাওয়া ছড়িয়ে পড়ে গোটা স্কুল চত্বরে। কর্তৃপক্ষের তরফ থেকে এই অভাবনীয় উপহারের জন্য মুখ্যমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।
পূর্বে জরাজীর্ণ অবস্থায় থাকা স্কুলের রান্নাঘর ও খাওয়ার ঘর প্রাক্তনীদের সাহায্যে নতুন রূপ পেয়েছে। পরিদর্শনের সময় এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী নিজেই। এরপরই বুধবার মধ্যাহ্নভোজে যোগ হয় এই বিশেষ মেনু, যা কেন্দ্র করে জনমনে কৌতুহল তৈরি হয়েছে—তবে কি এবার থেকে প্রতিনিয়ত মিড ডে মিলে মিলবে এমন সুস্বাদু পদ! এই স্মরণীয় ঘটনার পাশাপাশি বিদ্যালয়টিকে আগামীতে একটি সর্বাধুনিক স্মার্ট স্কুলে রূপান্তরিত করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে লিখিত আবেদন জানিয়েছেন প্রধান শিক্ষক তন্ময় চক্রবর্তী।