জ্ঞানেশ কুমারের পর এবার শীর্ষ পদাধিকারী সীমা খন্না, দিল্লির থানায় মহুয়া মৈত্রর বড় পদক্ষেপ!

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পর এবার নির্বাচন কমিশনের আইটি শাখার প্রধান সীমা খন্নার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বুধবার দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় এই অভিযোগ দায়ের করে তিনি অবিলম্বে তদন্তের দাবি জানান। মহুয়ার অভিযোগ, কমিশনের ‘ইসিআইনেট’ সফটওয়্যারের মাধ্যমে ব্যাক অ্যান্ড ব্যবহার করে ভোটার তালিকা বিকৃত করা হয়েছে। একটি তদন্তমূলক প্রতিবেদনের সূত্র ধরে তৃণমূল দাবি করেছে, তথ্যপ্রযুক্তি ব্যবস্থার এই কেন্দ্রীভূতকরণের ফলে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও গোয়ার ৯৭ জন যোগ্য ভোটারের নাম বাদ পড়েছিল।
পুলিশের কাছে মহুয়া জানান, আগামী ৫ অক্টোবরের মধ্যে এফআইআর দায়েরের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে এবং ৬ অক্টোবর তিনি পুনরায় থানায় যাবেন। অন্যদিকে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সীমা খন্নার ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। মমতার দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি ব্যবহার করে লক্ষ লক্ষ ভোটারের নাম বেআইনিভাবে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। গোটা বিষয়টি নিয়ে জাতীয় রাজনীতিতে চরম বিতর্ক সৃষ্টি হয়েছে এবং বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে কমিশনের আইটি প্রধানের নিরপেক্ষতা নিয়ে তীব্র প্রশ্ন তোলা হয়েছে।