আন্তর্জাতিক সুপারি পাচার চক্রের পর্দাফাঁস করতে সাতসকালেই কেন্দ্রীয় সংস্থার মেগা হানা!

কোচবিহারের আসাম-বাংলা সীমান্তবর্তী জোড়াই মোড় এলাকায় আন্তর্জাতিক সুপারি পাচারের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার ভোররাত ৪টা থেকে স্থানীয় ব্যবসায়ী বিনয় বর্মনের বাসভবনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) যৌথ দল অভিযান চালায়। শুধু বিনয় বর্মনই নন, তাঁর দুই ভাই সঞ্জয় ও মৃত্যুঞ্জয় এবং বাবা সর্বেশ্বর বর্মনের বাড়িতেও একযোগে তল্লাশি শুরু করেছেন তদন্তকারীরা। আসাম ও কলকাতা থেকে আসা কেন্দ্রীয় সংস্থার পাঁচ সদস্যের এই দলের সঙ্গে নিরাপত্তার স্বার্থে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে।
তল্লাশিকালে ব্যবসায়িক ও আর্থিক নথি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণীসহ বিভিন্ন কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, মিয়ানমার থেকে উত্তর-পূর্ব ভারতের সীমান্ত পেরিয়ে আনা সুপারি দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে দেওয়ার এক বড় আন্তঃরাজ্য চক্রের সঙ্গে এই পরিবারের দীর্ঘদিনের যোগসাজশের অভিযোগ উঠেছে। তবে ঠিক কোন নির্দিষ্ট মামলা বা আর্থিক অনিয়মের ওপর ভিত্তি করে এই তল্লাশি চালানো হচ্ছে, সে বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি।