হিন্দু সংগঠনের আর্জিতে মহিলা কর্মী সরানোর জের, পদ হারাচ্ছেন আইফেল টাওয়ারের পরিচালক

প্যারিসে একটি মন্দির উদ্বোধনে গিয়ে আইফেল টাওয়ার পরিদর্শনের সময় সমস্ত মহিলা কর্মীকে সরানোর শর্ত দিয়েছিল বোচাসন্ন্যাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা বা বিএপিএস। আইফেল টাওয়ার পরিচালন সংস্থা এসইটিই নারী-পুরুষের সমানাধিকারের নীতি বিরোধী হওয়া সত্ত্বেও সেই আর্জি মেনে নেয়। এই ঘটনা সামনে আসতেই প্রতিবাদে ফেটে পড়েন কর্মীরা এবং ফরাসি রাজনীতিতেও তীব্র বিতর্ক তৈরি হয়। যদিও পরে বিএপিএস ইমেল বার্তা পাঠিয়ে ক্ষমা চেয়ে স্পষ্ট জানায় যে লিঙ্গবৈষম্যের উদ্দেশ্যে তারা কোনও অনুরোধ করেনি।
ঘটনার জল গড়ালে প্যারিসের মেয়র ইমানুয়েল গ্রেগরি বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। তদন্তে ব্যবস্থাপনার গুরুতর ত্রুটি ধরা পড়ায় আইফেল টাওয়ারের পরিচালন সংস্থা সিদ্ধান্ত নেয় যে বিতর্কিত এই পদক্ষেপে সম্মতি দেওয়া পরিচালক প্যাট্রিক ব্রাঙ্কো রুইভোকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। তবে তিনি চলতি বছরের শেষ পর্যন্ত নিজের পদে বহাল থাকবেন। বর্তমানে কর্মীদের অসন্তোষ প্রশমিত হওয়ায় এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আইফেল টাওয়ারের প্রবেশদ্বার দর্শকদের জন্য পুনরায় উন্মুক্ত করে দেওয়া হয়েছে।