দক্ষিণের ক্যাম্পাসে বাম ঝড়, দিল্লিতে জিতেও পণ্ডিচেরি-হায়দরাবাদে ধাক্কা খেল এবিভিপি!

দেশের বিশ্ববিদ্যালয় রাজনীতিতে চরম উত্তাপের মধ্যে দিল্লির রাশ অক্ষুণ্ণ রাখলেও দক্ষিণ ভারতে বড় ধাক্কা খেল এবিভিপি। দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র নির্বাচনে সভাপতি সহ তিনটি গুরুত্বপূর্ণ পদে জয়ী হয়েছে আরএসএস সমর্থিত সংগঠনটি। তবে রাজধানী শহরের এই সাফল্যের বিপরীত ছবি দেখা গেল দক্ষিণাঞ্চলে। পণ্ডিচেরি বিশ্ববিদ্যালয় নির্বাচনে একাই ৭০টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ আধিপত্য বজায় রেখেছে বাম ছাত্র সংগঠন এসএফআই, যেখানে এবিভিপি থমকে গিয়েছে মাত্র ২০টি আসনে। এর পাশাপাশি হায়দরাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ও কেরালার ৬০৯টি কলেজে বিশাল জয় তুলে নিয়ে দক্ষিণে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করল বাম শক্তি।
চলতি ছাত্রভোটে উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যে রাজনৈতিক মেরুকরণের স্পষ্ট বিভাজন উঠে আসছে। একদিকে দিল্লিতে অভ্যন্তরীণ কোন্দল ও বাম-কংগ্রেসের পৃথক লড়াইয়ের ফায়দা তুলে গেরুয়া শিবির জয় পেলেও, কেরালা ও হায়দরাবাদে আম্বেদকারবাদী ও বামপন্থী জোটের কাছে তাদের পরাস্ত হতে হয়েছে। রাজস্থান, উত্তরাখণ্ড ও আসামের মতো বিজেপি শাসিত রাজ্যগুলির শিক্ষাপ্রতিষ্ঠানেও সাম্প্রতিক এই বাম উত্থান জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। বাম নেতৃত্বের দাবি, দেশজুড়ে তরুণ প্রজন্ম বর্তমানে ধর্মীয় মেরুকরণের বিকল্প হিসেবে প্রগতিশীল ও সমাজতান্ত্রিক রাজনীতিকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নিচ্ছে।