প্যারা টিচার থেকে শিক্ষাবন্ধু, পুজোর আগেই বিশাল বেতন বৃদ্ধির বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের!

স্কুলশিক্ষা দফতরের সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী প্যারা টিচারসহ বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মী ও সহায়কদের মাসিক পারিশ্রমিক উল্লেখযোগ্য হারে বাড়ালো রাজ্য সরকার। ৭ সেপ্টেম্বর ক্যাবিনেট বৈঠকের সম্মতির পর রাজ্যপালের চূড়ান্ত অনুমোদন মিলেছে এই সিদ্ধান্তে। নতুন সংশোধনীতে প্রাথমিক প্যারা টিচারদের বেতন বেড়ে ১৬,৯৪১ টাকা, উচ্চ প্রাথমিকের বেতন ২০,৫২৩ টাকা এবং শিক্ষা বন্ধুদের ভাতা ১৪,৯৫৪ টাকা করা হয়েছে। এছাড়া স্পেশাল এডুকেটর, এসএসকে ও এমএসকের বিভিন্ন পদের কর্মীদের বেতনও একলাফে বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
অর্থ দফতরের সম্মতিক্রমে জারি করা এই নির্দেশিকায় অধিকাংশ পদেই একযোগে ৫,০০০ টাকা পর্যন্ত ভাতা বাড়ানো হয়েছে। অন্যদিকে ম্যানেজমেন্ট স্টাফদের ক্ষেত্রভেদে বেতন-স্তর অনুযায়ী ৫,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি নির্দেশ করা হয়েছে। স্কুল শিক্ষা অধিকার, পিএম-পোষণ, পিবিএসএসএম এবং পিবিআরএসএসএম-এর অধীনস্থ কর্মী, যেমন অ্যাকাডেমিক ও এডুকেশন সুপারভাইজার, ডিস্ট্রিক্ট কোয়ালিটি ম্যানেজার এবং পার্ট-টাইম উচ্চ মাধ্যমিক শিক্ষকদের আয়েও এসেছে বড় পরিবর্তন। রাজ্য সরকারের এই যুগান্তকারী পদক্ষেপে দীর্ঘদিন ধরে বকেয়া দাবির সুরাহা মেলায় খুশির হাওয়া কর্মীদের একাংশে।