দলছুট হয়ে ফসলি জমিতে নামতেই বড় বিপদ! অবৈধ তারের ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু দাঁতালের!

দলছুট হয়ে ফসলি জমিতে নামতেই বড় বিপদ! অবৈধ তারের ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু দাঁতালের!

জলপাইগুড়ির বৈকুন্ঠপুর জঙ্গল সংলগ্ন নোধাবাড়ি গ্রামে মর্মান্তিক ঘটনা ঘটেছে। দলছুট হয়ে লোকালয়ে চলে আসা একটি পূর্ণবয়স্ক পুরুষ হাতি চাষের জমিতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফসলি জমিতে অবৈধভাবে কাঁটাতারের সঙ্গে বিদ্যুৎবাহী তার বিছিয়ে রাখা হয়েছিল। রাতেই সেই তারের সংস্পর্শে আসায় বেঘোরে মৃত্যু হয় দাঁতালটির। সকালে স্থানীয়রা হাতিটির নিথর দেহ দেখতে পেয়ে পুলিশ ও বনদপ্তরে খবর দেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত জমির মালিক পলাতক রয়েছে।

প্রাথমিক তদন্তে বনকর্মীদের অনুমান, ফসল রক্ষার্থে বা অন্য কোনো কারণে ওই জমিতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল। গত রাতে জঙ্গল থেকে তিনটি হাতির একটি দল বেরিয়ে লোকালয়ে চলে আসে। বনকর্মীরা দুটি হাতিকে জঙ্গলে ফিরিয়ে দিলেও এই দাঁতালটি দলছুট হয়ে নোধাবাড়ি গ্রামে ঢুকে পড়ে এবং এই বিপদের মুখে পড়ে। কিছুদিন আগেই পশ্চিম মেদিনীপুরে একইভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনটি হাতির মৃত্যুর ঘটনা শোরগোল ফেলেছিল। বারবার প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও কিছু ব্যক্তির অসতর্কতার কারণে এমন মর্মান্তিক পরিণতি ঘটছে। বর্তমানে পলাতক জমির মালিকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও বনদপ্তর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *