পুজোর মুখে বড় ধাক্কা! বেতন মিললেও ২০% বর্ধিত DA হাতছাড়া পুরকর্মীদের?

কলকাতা: দুর্গাপুজোর মুখে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ১৪ ও ১৫ অক্টোবরের মধ্যেই অগ্রিম বেতন এবং ২০ শতাংশ বর্ধিত মহার্ঘ ভাতা (DA) পাওয়ার কথা কলকাতা পুরসভার কর্মীদের। তবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বস্তি মিললেও, প্রযুক্তিগত জটিলতায় এখন মাথায় হাত পুরকর্মীদের। প্রায় ২০ দিন ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে কলকাতা পুরসভার সেন্ট্রাল সার্ভার। যার সরাসরি কোপ পড়েছে ‘ই-কেএমসি ২.০’ (e-KMC 2.0) পোর্টালে।
পুরানো তালিকাতেই মিলল বেতন, আটকে এরিয়ার: সার্ভার বিকল থাকায় সেপ্টেম্বর মাসে পুরসভার স্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীরা আপটুডেট কাঠামো অনুযায়ী বেতন পাননি। ১ সেপ্টেম্বরের পুরানো তালিকা অনুসারেই বেতন মিটিয়ে দেওয়া হয়েছে। এর ফলে যেসব কর্মীর পদোন্নতির জন্য এরিয়ার বা বকেয়া টাকা পাওয়ার কথা ছিল, তাঁরা সেই বাড়তি অর্থ থেকে বঞ্চিত হয়েছেন।
৩৩ হাজার পুরকর্মীর বর্ধিত DA নিয়ে অনিশ্চয়তা: রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি কর্মচারী, শিক্ষক, পঞ্চায়েত ও পুরকর্মীরা পুজোর আগেই ২০% বর্ধিত ডিএ পাবেন। কিন্তু পুরসভার পোর্টাল বন্ধ থাকায় নতুন পে-স্কেল মেনে ৩৩ হাজার পুরকর্মীর তালিকার হিসেব-নিকাশ করা আসাম্ভব হয়ে পড়েছে। যান্ত্রিক গোলযোগের দ্রুত সমাধান না হলে পুজোর আগেই বর্ধিত ডিএ ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কিনা, তা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে।
আটকে ১০০ দিনের কাজ ও সিভিক ভলান্টিয়ারদের বকেয়া: সার্ভার বিপর্যয়ের কারণে কেবল পুরকর্মীরাই নন, ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ নাগরিকরাও। স্তব্ধ হয়ে রয়েছে একাধিক পরিষেবা। এমনকি, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বেতন এখনো হাতে পাননি বহু ১০০ দিনের কাজের কর্মী ও সিভিক ভলান্টিয়ারদের একাংশ। এখন দেখার, পুজোর ছুটির আগেই এই যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উঠে বকেয়া মিটিয়ে দেওয়া সম্ভব হয় কিনা।