জঙ্গলমহলে নারীদের সুরক্ষায় বড় পদক্ষেপ! পুজোর আগেই ঝাড়গ্রামে নামল বিশেষ ‘দুর্গা স্কোয়াড’

জঙ্গলমহলে নারীদের সুরক্ষায় বড় পদক্ষেপ! পুজোর আগেই ঝাড়গ্রামে নামল বিশেষ ‘দুর্গা স্কোয়াড’

দুর্গাপুজোর প্রাক্কালে জঙ্গলমহলে নারী সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ঝাড়গ্রাম জেলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বিশেষ ‘দুর্গা স্কোয়াড’। শুক্রবার জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর, পুলিশ সুপার মানব সিংলা এবং বিভিন্ন জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এই মহিলা বাইকবাহিনীর উদ্বোধন হয়। জেলার ৯টি থানা, পুলিশ ফাঁড়ি এবং বিট হাউস এলাকার স্কুল, কলেজ, হাসপাতাল ও বাজারগুলিতে নিয়মিত টহল দেবে এই বাহিনী। মোট বারোটি বাইক ও তিনটি চারচাকা গাড়ি নিয়ে গঠিত এই বিশেষ টিম গ্রামীণ ও শহরাঞ্চলে পথচলতি নারী ও কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করবে।

পুলিশ সূত্রে জানা গেছে, এই স্কোয়াডের সদস্যরা সাধারণ মেয়েদের সঙ্গে কথা বলে তাদের কোনো সমস্যা বা অভিযোগ রয়েছে কি না তা সরাসরি শুনবেন এবং তৎক্ষণাৎ আইনি পদক্ষেপ করবেন। উদ্বোধনী দিনে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই পদক্ষেপে মহিলাদের আত্মবিশ্বাস যেমন বহুগুণ বাড়বে, তেমনই অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই প্রতিহত করা সম্ভব হবে। গভীর রাতেও নারীরা যাতে সম্পূর্ণ নির্ভয়ে নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারেন, সেই লক্ষ্যেই রাজ্য সরকারের এই অভিনব উদ্যোগ বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *