৫৫৬ কিমি পথ পাড়ি দিয়ে দেরাদুনে নতুন অতিথি, তাক লাগাল বিরল নীল চোখের সাদা বাঘ তেজস!

মধ্যপ্রদেশের গোয়ালিয়র থেকে দীর্ঘ ৫৫৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দেরাদুনের চিড়িয়াখানায় এসে পৌঁছাল বিরল প্রজাতির সাদা বাঘ ‘তেজস’। কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের প্রাণী বিনিময় কর্মসূচির আওতায় এই আদান-প্রদান সম্পন্ন হয়েছে। এর ফলে উত্তরাখণ্ডের বন্যপ্রাণ বৈচিত্রে যোগ হলো এক নতুন অধ্যায় এবং রাজ্যটি পেল তার প্রথম সাদা বাঘ। এই বিনিময়ের অংশ হিসেবে দেরাদুনের পাঁচ বছর বয়সি রয়্যাল বেঙ্গল টাইগার ‘ভোলা’কে গোয়ালিয়র চিড়িয়াখানায় পাঠানো হয়েছে এবং তার পরিবর্তে আড়াই বছরের তেজসকে আনা হয়েছে এখানে।

তেজসকে দেরাদুনে নিয়ে আসতে বন দপ্তরের পক্ষ থেকে ১৩ সদস্যের একটি বিশেষ দল গঠন করা হয়েছিল। প্রায় ১৪ ঘণ্টার এই দীর্ঘ সফরে বিশেষভাবে তৈরি গাড়িতে তাকে নিরাপদে আনা হয়। বিশেষজ্ঞদের মতে, অ্যালবিনিজম নয়, বরং ‘লিউসিজম’ নামক বংশগত বৈচিত্র্যের কারণেই বাঘটির শরীর সাদা এবং চোখ নীল রঙের হয়েছে। আপাতত ২০ দিনের কোয়ারান্টিনে রাখা হয়েছে তেজসকে। স্বাস্থ্য পরীক্ষা ও নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার পর আগামী এক মাসের মধ্যে দর্শনার্থীরা তাকে দেখার সুযোগ পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *