বন্দে মাতরমের ১৫০ বছর! কলকাতার এই পুজোয় ইতিহাস হয়ে উঠছে জীবন্ত

বাঙালির আত্মপরিচয় ও সংস্কৃতির উদযাপনে এবার অভিনব চমক নিয়ে আসছে কলকাতার তালতলা সর্বজনীন দুর্গোৎসব। এবছর তাদের থিম ‘বঙ্গদর্শন’, যা উৎসর্গ করা হয়েছে ‘বন্দে মাতরম’ গানের ১৫০ বছর পূর্তি উপলক্ষে। ১৮৭৫ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদিত ‘বঙ্গদর্শন’ পত্রিকায় প্রথম প্রকাশিত এই গানটি পরাধীন ভারতের স্বাধীনতার আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছিল। মণ্ডপে প্রবেশ করলেই দর্শনার্থীরা পাবেন উনিশ শতকের বাংলার এক বিস্তৃত সাংস্কৃতিক পরিসর, যেখানে বঙ্কিমচন্দ্রের সাহিত্য ও স্বাধীনতা সংগ্রামের উত্তাল অধ্যায় শিল্পকর্মে ফুটে উঠবে।
ইতিহাসের এই সুরের যাত্রাকে ফুটিয়ে তুলতে মণ্ডপে থাকছে শব্দ, আলো ও দৃশ্যরূপের অপূর্ব সমন্বয়। রবীন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠে কংগ্রেসের পরিবেশনা থেকে শুরু করে হেমন্ত মুখোপাধ্যায় ও এ আর রহমানের আধুনিক সঙ্গীতায়োজন—সব রূপই প্রতিফলিত হবে দেওয়াল জুড়ে। নিখুঁত শিল্পকলা ও ভাবনার এই মেলবন্ধনে দর্শনার্থীরা অনুভব করবেন জন্মলগ্ন থেকে ‘বন্দে মাতরম’-এর বিস্তার। আয়োজকদের মতে, এবারের আয়োজন নিছক অতীতচর্চা নয়, বরং বাঙালির ইতিহাসের এক অনন্য পুনর্আবিষ্কার।