স্বর্ণপ্রেমীদের জন্য বড় খবর, একধাক্কায় ৪ হাজার টাকা কমল সোনার দাম!

আসন্ন উৎসবের মরশুমের মুখেই সোনার গয়নার বাজারে বড়সড় স্বস্তির খবর মিলল। আন্তর্জাতিক বাজারে ক্রমাগত দরপতনের প্রভাবে কলকাতার বাজারে ১০ গ্রাম সোনার দাম প্রায় চার হাজার টাকা পর্যন্ত কমে গিয়েছে। এর মূল নেপথ্যে রয়েছে ইরান-আমেরিকা সংঘাত এবং বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির আশঙ্কা, যা সরাসরি সোনার দরের ওপর চাপ সৃষ্টি করছে। বিশেষজ্ঞদের মতে, আমেরিকার অর্থনৈতিক পরিস্থিতি আরও শক্তিশালী হয়ে ডলারের দাম বাড়লে সোনার দর ভবিষ্যতে আরও কমতে পারে। তবে মুদ্রাস্ফীতি ও ভূ-রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করে যে কোনো সময় এই চিত্রের পরিবর্তন ঘটতে পারে।
বাজারের এমন দোলাচল পরিস্থিতিতে বিনিয়োগকারীদের তাড়াহুড়ো না করে সতর্ক ও ধৈর্যশীল থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। দাম কমছে দেখে আতঙ্কিত হয়ে সোনা বিক্রি করে দেওয়া যেমন বুদ্ধিমানের কাজ হবে না, তেমনই একবারে বড় অঙ্কের টাকা নতুন করে বিনিয়োগ করাও ঝুঁকিপূর্ণ। নতুন বিনিয়োগকারীদের ক্ষেত্রে এককালীন বড় অঙ্কের অর্থ ঢালার বদলে ধাপে ধাপে সোনা কেনাই শ্রেয়, যাতে বাজারের যেকোনো প্রতিকূল পরিস্থিতি সহজেই সামলে নেওয়া সম্ভব হয়।