‘আগে শুধু নামেই টাইগার রিজার্ভ ছিল!’ বক্সায় বাঘিনী ছেড়ে বিস্ফোরক বার্তা শুভেন্দুর

আলিপুরদুয়ার: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ডুয়ার্সের বক্সা ব্যাঘ্র প্রকল্পে ফিরতে চলেছে রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন। পূর্ব ঘোষণা অনুযায়ী, ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিনেই বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে আনা একটি বাঘিনীকে বক্সার এনক্লোজারে ছাড়া হলো। বক্সায় দীর্ঘদিন ধরে স্থায়ী বাঘের দেখা মেলেনি, এমনকি ২০১৮ সালের গণনায়ও তাদের অস্তিত্ব ধরা পড়েনি। ফলে নতুন এই বাঘিনীর আগমন ঘিরে উত্তরবঙ্গ জুড়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা।
এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত থেকে পূর্বতন সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আগে এটা নামেই টাইগার রিজার্ভ ছিল, কিন্তু বাস্তবে কোনো বাঘ ছিল না। আগের সরকারের কোনো সদিচ্ছাই ছিল না, তারা শুধু ঝগড়া করতেই ব্যস্ত থাকত।” তিনি আরও জানান, গান্ধী জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে এবং স্বচ্ছ ভারত অভিযানের সঙ্গে সংগতি রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উত্তরবঙ্গের বন ও পরিবেশের উন্নয়নে সামনে আরও একাধিক পরিকল্পনা রয়েছে বলে তিনি আশ্বাস দেন এবং বিহার থেকে বাঘিনী হস্তান্তরের জন্য বিহারের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।
অন্যদের পাশাপাশি বনমন্ত্রী মনোজকুমার ওরাওঁ সামাজিক মাধ্যমে বাঘিনীকে স্বাগত জানিয়ে ছবি পোস্ট করেন, যা মুহূর্তের মধ্যে নেটিজেনদের ভালোবাসায় ভেসে যায়। বাঘিনীর বর্তমান স্বাস্থ্য নিয়ে বনমন্ত্রী জানান, বাঘিনীটির রেডিও কলার কিছুটা আলগা হয়ে যাওয়ায় তাকে সাময়িকভাবে হালকা ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয়। কলারটি সঠিক স্থানে বসানোর পর বাঘিনীর জ্ঞান ফিরে এসেছে এবং সে সম্পূর্ণ সুস্থ রয়েছে। শুক্রবার থেকে তাকে কোনো রকম মানসিক চাপ না দিয়ে এনক্লোজারের দরজা খুলে রাখা হবে, যাতে সে নিজের পছন্দমতো সময়ে বনের মুক্ত পরিবেশে বেরিয়ে আসতে পারে।