গভীর অরণ্যে ফের রাজকীয় গর্জন! গান্ধী জয়ন্তীতে বক্সায় নামল রয়্যাল বেঙ্গল টাইগার

আলিপুরদুয়ার: ডুয়ার্সবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান। গান্ধী জয়ন্তীর শুভ দিনে বাক্সার গহীন অরণ্যে ফের ফিরল রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন। বিহারের বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প থেকে আনা বছর তিনেকের একটি বাঘিনীকে বুধবার আনুষ্ঠানিকভাবে মুক্ত করা হলো বক্সা টাইগার রিজার্ভের ২৫ মাইলের জঙ্গলে।
বায়ুসেনার বিমানে সফর ও কড়া নিরাপত্তা কেন্দ্রীয় বন মন্ত্রকের ছাড়পত্রের পর বিহার থেকে এই বাঘিনীকে বেছে নেন রাজ্যের বন কর্তারা। বিশেষ প্রক্রিয়ায় কাবু করার পর, পরশু দিন বায়ুসেনার বিমানে উড়িয়ে আনা হয় হাসিমারায়। সেখান থেকে সড়কপথে কড়া সুরক্ষায় নিয়ে আসা হয় বক্সায়। আবহাওয়া ও স্থানীয় পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য তাকে প্রথমে এনক্লোজারে রাখা হয়েছিল। বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সবুজ সংকেত মিলতেই তাকে মুক্ত অরণ্যে ছেড়ে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব ও রাজ্যের বনমন্ত্রী মনোজ ওঁরাও।
কেন বেছে নেওয়া হলো বাঘিনী? বন দফতর সূত্রে খবর, ভুটান ও আসামের জঙ্গল থেকে প্রায়ই পুরুষ বাঘ বক্সার জঙ্গলে যাতায়াত করে— যা একাধিকবার ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে। তাই প্রজননের মাধ্যমে বক্সায় স্থায়ীভাবে রয়্যাল বেঙ্গল টাইগারের বংশবৃদ্ধি ঘটাতেই এই বাঘিনীকে আনা হয়েছে।
ডুয়ার্স ঘিরে মেগা মাস্টারপ্ল্যান বাঘ মুক্তির পর আলিপুরদুয়ারের জনসভা ও রাজাভাতখাওয়া থেকে ডুয়ার্সের উন্নয়নে একগুচ্ছ বড় ঘোষণা করা হয়:
- আরও ৩টি বাঘ: আগামী ২ মাসের মধ্যেই বক্সার অরণ্যে আরও ৩টি বাঘ ছাড়া হবে।
- বিশ্বমানের পর্যটন কেন্দ্র: জয়ন্তী সংলগ্ন ২০০০ একর জমিতে বিশ্বমানের পর্যটন হাব তৈরি করবে কেন্দ্র ও রাজ্য।
- শিক্ষা ও পরিকাঠামো উন্নয়ন: আলিপুরদুয়ারে তৈরি হবে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় এবং খুব শীঘ্রই প্রস্তুত থাকা ডিস্ট্রিক্ট কোর্টের উদ্বোধন করা হবে।
দীর্ঘদিন পর বক্সায় বাঘের প্রত্যাবর্তন ডুয়ার্সের পর্যটন শিল্প ও বন্যপ্রাণ সংরক্ষণে এক নতুন যুগের সূচনা করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।