চেনাব সেতুর ওপর ১০০ কিমি গতিতে ছুটল বন্দে ভারত! কাশ্মীরে রেলের নতুন ইতিহাস

নতুন নজির ভারতীয় রেলে! বিশ্বের সর্বোচ্চ চেনাব ব্রিজের ওপর দিয়ে ১০০ কিলোমিটার গতিতে ছুটে গেল বন্দে ভারত এক্সপ্রেস। সেই সাথে দক্ষিণ গুজরাট থেকে রাজস্থানগামী নতুন বন্দে ভারতের বুকিংও শুরু হয়ে গেল।
কাশ্মীর উপত্যকাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে দ্রুত গতিতে জুড়ে দিতে বড় সাফল্য পেল ভারতীয় রেল। উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল লিঙ্ক (USBRL)-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ কাটরা-বানিহাল সেকশনে ট্রেনের সর্বোচ্চ গতিসীমা ৭৫ কিমি/ঘণ্টা থেকে বাড়িয়ে ১০০ কিমি/ঘণ্টা করা হয়েছে।
গত শুক্রবার (২ অক্টোবর) এই বর্ধিত গতির সফল ট্রায়াল সম্পন্ন হয়। পরীক্ষায় বন্দে ভারত এক্সপ্রেস (ট্রেন নম্বর ২৬৪০১/২৬৪০৪) ঘণ্টায় ১০০ কিমি গতিতে বিশ্বরেকর্ড গড়া চেনাব ব্রিজ এবং ভারতের প্রথম কেবল-স্টেইড আঞ্জি সেতু অতিক্রম করে। ১১১ কিলোমিটার দীর্ঘ এই সেকশনে গতি বাড়ায় যাত্রীদের সময় বাঁচবে এবং সফর অনেক বেশি মসৃণ ও নিরাপদ হবে।
জোড়া সুখবর: শুরু সুরত-উদয়পুর বন্দে ভারতের বুকিং
শুধু কাশ্মীরই নয়, পশ্চিম রেলেও লেগেছে উৎসবের হাওয়া। শুরু হয়ে গেল সুরত-উদয়পুর বন্দে ভারত এক্সপ্রেসের (ট্রেন নম্বর ২৬৯০৩/২৬৯০৪) টিকিট বুকিং। ১ অক্টোবর সকাল ৮টা থেকে যাত্রীরা IRCTC ওয়েবসাইট ও PRS কাউন্টার থেকে টিকিট কাটতে পারছেন।
এক নজরে নতুন ট্রেনের সময়সূচী ও সুবিধা:
- কবে চলবে: মঙ্গলবার বাদে সপ্তাহে ৬ দিন।
- কাদের সুবিধা: সুরতের টেক্সটাইল ও হিরে ব্যবসায়ী এবং উদয়পুরগামী পর্যটকদের যাতায়াত আরও দ্রুত ও সহজ হবে।
- প্রভাব: দক্ষিণ গুজরাট ও রাজস্থানের মধ্যে পর্যটন এবং ব্যবসা-বাণিজ্যে বড় গতি আসবে।