পচা ডিম থেকে আলু-টমেটোর ‘দাওয়াই’! শ্রীরামপুরে কল্যাণকে রুখতে কী বার্তা বিজেপি বিধায়ক কৌস্তভের?

শ্রীরামপুরে বিজেপির ‘যুব গর্জন সভা’ থেকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় নিশানা করলেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। শ্রীরামপুরের সাংসদকে নিয়ে সুর চড়িয়ে তিনি বলেন, পচা ডিমের দাম বেশি মনে হলে দুপুর সাড়ে ১২টার পর বাজারের পচা আলু ও টমেটো দিয়ে যেন তাঁকে ‘স্বাগত’ জানানো হয়। একই সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ‘মদ্যপ’ বলে কড়া আক্রমণ করে যুব মোর্চার কর্মীদের উদ্দেশে নির্দেশ দেন, এই সাংসদ যেখানেই যাবেন সেখানেই যেন প্রয়োজনীয় ‘দাওয়াই’ দেওয়া হয় এবং তিনি যেন বাড়ি থেকেই বের হতে না পারেন।
মঞ্চ থেকে সরাসরি পুলিশ প্রশাসনকেও কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি বিধায়ক। তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একটি হত্যা মামলার আসামি এবং আগাম জামিনে থাকা ব্যক্তি বলে দাবি করার পাশাপাশি তাঁর আইনি দক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। কৌস্তভ বাগচীর বক্তব্য অনুযায়ী, চার তারিখের পর দল যদি মাত্র দু’ঘণ্টার জন্য ছাড় দেয়, তবে রাজনৈতিকভাবে বিরোধীদের কোনো অস্তিত্ব রাখা হবে না। মুখ্যমন্ত্রীকে নিয়ে কদর্য মন্তব্য করার অভিযোগে সাংসদকে রাজ্যের মুখ্যমন্ত্রীর পা ধরে ক্ষমা চাওয়ানোর হুঁশিয়ারিও দেন তিনি।