বেনারসি থেকে বাংলার তাঁত! বাণিজ্য টানতে যোগীরাজ্যে পা রাখছেন শমীক ভট্টাচার্য, নেপথ্যে কোন বড় পরিকল্পনা?

পশ্চিমবঙ্গের সঙ্গে বারাণসীর আধ্যাত্মিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবার উত্তরপ্রদেশ সফরে যাচ্ছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। পুজোর মুখে তাঁর এই সফরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। জানা গিয়েছে, আগামী শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র তথা যোগীরাজ্যে পা রাখবেন তিনি। বেনারসি শাড়ির সুবাদে বিখ্যাত এই শহরে বহু বাঙালি ব্যবসায়ী ও শিল্পকর্মী বসবাস করেন। তাঁদের সঙ্গে বৈঠক করে বাংলায় বিনিয়োগ টানার জোরালো উদ্যোগ নিতে পারেন শমীক। পাশাপাশি, উত্তরপ্রদেশে বসবাসকারী বাঙালি সম্প্রদায়ের সঙ্গেও তাঁর বিশেষ সাক্ষাতের কর্মসূচি রয়েছে।
গত দেড় দশকে বাংলার শিল্পক্ষেত্রে তৈরি হওয়া শূন্যতা পূরণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেই এবার বারাণসীকে বেছে নেওয়া হয়েছে। এর আগে দিল্লি, মুম্বই কিংবা ইউরোপের বিভিন্ন প্রান্তে বিনিয়োগের আশায় ঘুরেছেন শমীক ভট্টাচার্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলার শাড়ির সঙ্গে বারাণসীর বিখ্যাত বেনারসি শিল্পের মেলবন্ধন ঘটিয়ে কোনো বড় বাণিজ্যিক ঘোষণা আসতে পারে এই সফরে। যোগী সরকারের সহযোগিতায় সেখানে থিতু হওয়া বাঙালি সমাজ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পপতিদের সঙ্গে এই আলোচনা বাংলার অর্থনৈতিক গতিপ্রকৃতিতে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।