জেনারেল ডায়ারের সঙ্গে তুলনা! বিক্ষোভকারীদের হিঁচড়ে সরানো নিয়ে তীব্র বিতর্ক – এক ঝলক

একঝলক ডেস্ক:
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শুক্রবার দিল্লির যন্তরমন্তরে বাম ছাত্র-যুব সংগঠনের প্রতিবাদ কর্মসূচি ঘিরে রণক্ষেত্রের সৃষ্টি হয়। দিল্লি পুলিশ আন্দোলনকারীদের ওপর নির্মম দমনপীড়ন চালায় বলে অভিযোগ উঠেছে, যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ‘ককরোচ জনতা পার্টি’। পুলিশি পদক্ষেপে বাধা দিতে গিয়ে ব্যারিকেড ভাঙেন বিক্ষোভকারীরা। আন্দোলনকারীদের টেনেহিঁচড়ে ও চ্যাংদোলা করে সরিয়ে দেওয়ার পাশাপাশি বাসে এক আন্দোলনকারীকে মারধরের অভিযোগও উঠেছে পুলিশের বিরুদ্ধে। পুলিশের এই চরম আক্রমণাত্মক ভূমিকার তুলনা টানা হয়েছে জালিয়ানওয়ালাবাগের জেনারেল ডায়ারের সঙ্গে।
এই ঘটনায় সৃজন ভট্টাচার্য, ঐশী ঘোষ, বৃন্দা কারাত ও যোগেন্দ্র যাদবের মতো বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও নেতাদের আটক করা হয়। বিক্ষোভের জেরে দিল্লির বিভিন্ন মেট্রো স্টেশন ও রাজপথে ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়। বামেদের এই আন্দোলন কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে অক্টোবরের শেষ থেকে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে প্রতিবাদী শিবির।