পুজোর আগে বড় উপহার, রেশনে অর্ধেক দামে মিলবে চিনি, ময়দা ও সুজি! – এক ঝলক

একঝলক ডেস্ক:
রাজ্যের সাধারণ মানুষের জন্য পুজোর বিশেষ উপহার হিসেবে রেশনে অর্ধেক দামে চিনি, ময়দা ও সুজি দেওয়ার ঘোষণা করল সরকার। বনগাঁয় এক সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানান, দুর্গাপুজো উপলক্ষে রাজ্যের প্রায় ২ কোটি ১২ লক্ষ রেশন গ্রাহক এই সুবিধা পাবেন। বিগত দিনে সীমিত সংখ্যক গ্রাহক এর আওতাভুক্ত থাকলেও বর্তমান সরকার সমস্ত গ্রাহকের জন্য এই পরিষেবা উন্মুক্ত করেছে। এই বিশেষ ব্যবস্থার কারণে সরকারের অতিরিক্ত ১১৪ কোটি টাকা খরচ হবে।
রাজ্যবাসীকে সম্পূর্ণ বিনামূল্যে খাদ্যদ্রব্য দেওয়ার প্রাথমিক ইচ্ছা থাকলেও আর্থিক সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি বলে স্পষ্ট করেন মন্ত্রী। তবে রেশনের খাদ্যসামগ্রীর গুণগত মান নিয়ে কোনো রকম আপস করা হবে না বলে সাফ জানিয়েছেন তিনি। অতীত দিনের সমস্ত বিতর্কের কথা এড়িয়ে বর্তমান সরকার জনকল্যাণমুখী ভাবমূর্তি বজায় রাখতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে সম্পূর্ণভাবে বদ্ধপরিকর বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়েছে।