ভারত-ব্রাজিল মেগা ফাইট! গ্যালারিতে বসে সাধারণ দর্শকদের সঙ্গেই ম্যাচ দেখবেন খোদ মুখ্যমন্ত্রী

শনিবার কলকাতার সল্টলেক স্টেডিয়াম (যুবভারতী ক্রীড়াঙ্গন) সাক্ষী হতে চলেছে এক ঐতিহাসিক মুহূর্তের। ভারতীয় মাটিতে এই প্রথমবার মুখোমুখি হতে চলেছে ভারত ও ব্রাজিলের সিনিয়র পুরুষ ফুটবল দল। আর এই হাই-ভোল্টেজ ম্যাচ দেখতে গ্যালারিতে সাধারণ দর্শকদের সঙ্গেই উপস্থিত থাকবেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! শুক্রবার আলিপুরদুয়ারে এক অনুষ্ঠানে তিনি নিজেই এই খবর জানিয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে এই মেগা ফাইট।
ফুটবল-পাগল বাঙালিদের মধ্যে এই ম্যাচ ঘিরে উন্মাদনা এখন তুঙ্গে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বৃহস্পতিবার রাতেই কড়া নিরাপত্তায় কলকাতায় পা রেখেছে। বিমানবন্দরে প্রিয় তারকাদের এক ঝলক দেখতে উপচে পড়েছিল ভিড়। ফিফা র্যাঙ্কিংয়ে ৫ নম্বরে থাকা সেলেসাওদের বিরুদ্ধে ঘরের মাঠে নামবে ১৩৮ নম্বরে থাকা ভারত। র্যাঙ্কিংয়ের ফারাক যাই হোক না কেন, এই ম্যাচ ঘিরে উদ্দীপনায় কোনও খামতি নেই।
এর আগে এই মেগা ম্যাচ আয়োজনে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে রাজ্য সরকারের তরফে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার তিনি নিজেই স্টেডিয়ামে বসে এই ঐতিহাসিক ম্যাচের সাক্ষী থাকবেন।
ম্যাচ ঘিরে নিরাপত্তায় কোনো ফাঁক রাখতে নারাজ প্রশাসন। বিধাননগর পুলিশ জানিয়েছে, স্টেডিয়াম ও সংলগ্ন এলাকায় প্রায় ২ হাজার পুলিশকর্মী এবং ৪০০-র বেশি সিভিক ভলান্টিয়ার মোতায়েন থাকছে। দর্শকদের জন্য থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। ডিজিটাল টিকিট যাচাই করার পরেই দর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে। গোটা এলাকায় কড়া নজরদারির জন্য বসেছে ৩০০-র বেশি সিসিটিভি ক্যামেরা।
শেষ মুহূর্তের ভিড় এড়ানোর জন্য পুলিশের তরফ থেকে দর্শকদের বিকেল ৫টার মধ্যেই স্টেডিয়ামে পৌঁছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রবেশ ও প্রস্থানের জন্য রাখা হয়েছে আলাদা গেট এবং চ্যানেল। সব মিলিয়ে এক জমজমাট ফুটবল মহারণের অপেক্ষায় প্রহর গুনছে তিলোত্তমা!