চিতাভস্ম থেকে অলৌকিকভাবে উদ্ধার হওয়া নথ-নোয়ায় সাজেন দেবী! শতবর্ষী এই পুজোর রহস্য জানেন কি? – এক ঝলক

একঝলক ডেস্ক:
শতবর্ষের ঐতিহ্য ও অলৌকিক ঘটনার সাক্ষী হুগলির আরামবাগের হাটবসন্তপুরের ঘোষাল বাড়ির দুর্গোৎসব। পরিবার সূত্রে জানা যায়, বহু বছর আগে সাধক রামানন্দের প্রয়াণের পর তাঁর স্ত্রী গোসাঁইমনির চিতাভস্ম থেকে অলৌকিকভাবে পাওয়া গিয়েছিল একটি নথ ও নোয়া। পরবর্তী সময়ে মহামায়ার স্বপ্নাদেশ পেয়ে বংশের অপর সাধক কৃষ্ণকান্ত তর্কবাগিশ সেই নথ ও নোয়া প্রতিমায় পরিয়ে পুজোর প্রচলন করেন। স্থানীয় মহলে যা ‘আগুনখাকির নথ ও নোয়া’ নামেই পরিচিত।
আজও সেই প্রাচীন রীতি মেনেই প্রতি বছর সপ্তমী সকালে দেবীকে ওই বিশেষ অলংকার পরানো হয়। ঘোষাল বাড়ির এই পুজোয় আজও সাধক রামানন্দ ও গোসাঁইমনির নামে সংকল্প করা হয়। বংশপরম্পরায় তৈরি একচালার প্রতিমা, পরিবারের সদস্যদের পুজো পরিচালনা, দেবীর ভোগে মাছ এবং বলি প্রথার মতো একাধিক প্রাচীন নিয়ম অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালিত হয়। দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এই বর্ণময় ঐতিহ্যের।