‘মিথ্যা প্রচার করা হয়েছে!’ একুশের ভোট কাণ্ড নিয়ে সিআইডি তদন্তের হুঁশিয়ারি শুভেন্দুর

‘মিথ্যা প্রচার করা হয়েছে!’ একুশের ভোট কাণ্ড নিয়ে সিআইডি তদন্তের হুঁশিয়ারি শুভেন্দুর

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভাঙার দাবি নিয়ে রাজ্য রাজনীতিতে ফের একবার শোরগোল পড়ে গেল। শুক্রবার নন্দীগ্রামের সভা থেকে চাঞ্চল্যকর দাবি করার পর, শনিবার এক হাত একুশের সেই ঘটনা নিয়ে সরাসরি নথি ও প্রমাণ প্রকাশ্যে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একইসঙ্গে এই ঘটনাকে ঘিরে সিআইডি তদন্তের হুঙ্কারও দিয়েছেন তিনি।

শনিবার দুপুরে এক সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী দাবি করেন, ২০২১ সালের ১১ মার্চ কলকাতার বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের রেডিও ডায়াগনোসিস বিভাগের মেডিকেল রিপোর্ট পরিষ্কার বলছে, সেসময় মমতার পায়ে কোনো ফ্র্যাকচার বা ডিসলোকেশন (হাড়ের স্থানচ্যুতি) ছিল না। তাঁর কথায়, “ওনার নাকি পা ভেঙে দেওয়া হয়েছিল— এটা সম্পূর্ণ বিভ্রান্তিকর। রিপোর্ট বলছে নো এভিডেন্স অফ ফ্র্যাকচার।“

এরপরেই আইনি পদক্ষেপ ও সিআইডি তদন্তের প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, “নন্দীগ্রামের মানুষকে অপমান করা এবং সারা রাজ্যকে বিভ্রান্ত করার জন্য মিথ্যা প্রচার চালানো হয়েছে। নির্বাচনী বিধি উঠে গেলেই এই বিষয়ে নতুন করে তদন্ত হবে এবং ৯ তারিখের পর বিস্তারিত পদক্ষেপ জানানো হবে।“

উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে প্রচারের সময় পায়ে আঘাত পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর পুরো নির্বাচনজুড়েই তাঁর পায়ে প্লাস্টার ও হুইল চেয়ারে বসে প্রচার চালাতে দেখা গিয়েছিল যা রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল। তবে এতদিন পর শুভেন্দু অধিকারীর এই বিস্ফোরক প্রমাণ ও তদন্তের হুঁশিয়ারি রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ ছড়াল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *