শিশির মঞ্চে নজরুল মহোৎসবে ৩৭ লাখ টাকার খরচ! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে দুর্নীতির নতুন অভিযোগ – এক ঝলক

একঝলক ডেস্ক:
রাজ্যের প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে নজরুল মহোৎসবের খরচ ঘিরে বড় ধরনের দুর্নীতির নতুন অভিযোগ উঠেছে। ২০২৫ সালে শিশির মঞ্চে আয়োজিত ওই উৎসবে ব্যয় দেখানো হয়েছিল ৩৭ লাখ ৯২ হাজার ৫৩ টাকা, অথচ পরবর্তী বছর একই অনুষ্ঠানে সরকারি খরচ হয়েছে মাত্র ১ লাখ ৪৪ হাজার ৪০০ টাকা। মাত্র এক বছরের ব্যবধানে একই মহোৎসবে এত বিপুল পরিমাণ অর্থের ফারাক নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এই ঘটনায় প্রাক্তন মন্ত্রী ও দপ্তরের একাধিক আধিকারিকের বিরুদ্ধে রাজ্য মুখ্যমন্ত্রীর দপ্তরে সুনির্দিষ্ট অভিযোগ জমা পড়েছে।
উল্লেখ্য, এর আগেও দুর্গাপুজোর পাস বিক্রি এবং ‘বাংলা মোদের গর্ব’ প্রকল্প ঘিরে ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছিল। এই বিষয়গুলি নিয়ে ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে এবং রাজ্য দুর্নীতি দমন কমিশনও তদন্ত শুরু করেছে। একের পর এক আর্থিক দুর্নীতির অভিযোগে নাম জড়ানোয় প্রাক্তন এই মন্ত্রীর ওপর আইনি ও রাজনৈতিক চাপ আরও বৃদ্ধি পেল।