মমতার হাজার চেষ্টাও ব্যর্থ! নির্বাচন কমিশনের মিছিলে দূরত্ব বজায় রাখছে আপ ও ডিএমকে

মমতার হাজার চেষ্টাও ব্যর্থ! নির্বাচন কমিশনের মিছিলে দূরত্ব বজায় রাখছে আপ ও ডিএমকে

নয়াদিল্লি: রাজপথেও একছাতার নিচে আসতে পারছে না বিরোধী শিবির। সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও ইন্ডিয়া জোটের (INDIA Alliance) আসন্ন নির্বাচন কমিশন অভিযানে অনড় থাকল আম আদমি পার্টি (AAP) এবং ডিএমকে (DMK)। সূত্রের খবর, কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রাখতেই অরবিন্দ কেজরিওয়াল ও এমকে স্টালিনের দলগুলি এই মিছিলে পা না মেলানোর সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ৬ অক্টোবর নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধী সাংসদদের সংসদ ভবন থেকে মিছিলের ডাক দেওয়া হয়েছে। এই কর্মসূচিতে আপ ও ডিএমকে-কে সামিল করার জন্য জোর চেষ্টা চালিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও বাম নেতা এমএ বেবিরা। শুধু তাই নয়, তৃণমূলের পক্ষ থেকে বিআরএস, বিজেডি ও ওয়াইএসআর কংগ্রেসের মতো দলগুলোর সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ইন্ডিয়া জোটের পুরোনো শরিকরাই এই মিছিলে অংশ নিচ্ছে, নতুন কোনো দলের জোটে নাম লেখানোর সম্ভাবনা নেই বললেই চলে।

এদিকে, কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, সংসদে সাংসদ না থাকা সত্ত্বেও টিভিকে (TVK) প্রধান বিজয়ের দলকে কমিশনের বিরুদ্ধে অন্য কোনো বিরোধী কর্মসূচিতে সামিল করানোর ভাবনাচিন্তা চলছে।

উল্লেখ্য, আগামী ৬ অক্টোবর সকাল ১০:৩০ মিনিটে ইন্ডিয়া জোটের সমস্ত সাংসদরা সংসদ চত্বরে জমায়েত হয়ে নির্বাচন কমিশনের অভিমুখে মিছিল করবেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ শীর্ষস্থানীয় সাংসদরা এই মিছিলে নেতৃত্ব দেবেন। সব মিলিয়ে প্রায় ১০০ থেকে ১৫০ জন বিরোধী সাংসদের এই মিছিলে পা মেলানোর কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *