বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে উত্তাল কলকাতা, মিছিলে বাঁধল বাধা!

কলকাতা: বাংলাদেশের সনাতনী হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাস মহাপ্রভুর অবিলম্বে মুক্তি এবং সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে উত্তাল হলো কলকাতার রাজপথ। Nationalist Citizens Party of India (NCPI) এবং বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে শনিবার দুপুরে এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।
শিয়ালদহ থেকে বিক্ষোভ মিছিল: এদিন দুপুর ১২টা নাগাদ শিয়ালদহ স্টেশন চত্বর থেকে এই মিছিল শুরু হয়। আয়োজকদের পূর্বঘোষণা অনুযায়ী, মিছিলটি শিয়ালদহ থেকে মৌলালি হয়ে এজেসি বোস রোড ধরে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দিকে অগ্রসর হওয়ার কথা ছিল। চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তি, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার বন্ধ করা এবং তাদের ধর্মীয় অধিকার রক্ষার দাবিই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।
ডেপুটি হাই কমিশনের সামনে উত্তেজনা: তবে মিছিলটি বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের কাছাকাছি পৌঁছানোর আগেই পুলিশি বাধার মুখে পড়ে। ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেওয়াকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশি বাধার প্রতিবাদে এবং নিজেদের বিভিন্ন দাবির সমর্থনে হাই কমিশনের সামনেই তীব্র স্লোগান দিতে শুরু করেন বিক্ষুদ্ধ জনতা। আয়োজকদের দাবি, সম্পূর্ণ শান্তিপূর্ণভাবেই এই প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল।
প্রেক্ষাপট: উল্লেখ্য, এর আগে গত ১০ সেপ্টেম্বর প্রয়াত হন বাংলাদেশে জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যারানী ধর (৭১)। মায়ের শেষকৃত্যে অংশগ্রহণের জন্য আদালতের নির্দেশে তাঁকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে সনাতনী হিন্দুদের সুরক্ষা ও বন্দি নেতার মুক্তির দাবিতে ভারতেও ক্রমাগত প্রতিবাদের সুর চড়ছে।