জন্মের পরেই মিলবে সব সরকারি নথি! মালবাজারে শুরু ‘প্রজেক্ট পরিচয়’ – এক ঝলক

একঝলক ডেস্ক:
সদ্যোজাতদের দ্রুত জন্ম শংসাপত্র, আধার এবং জাতিগত শংসাপত্র এক ছাদের তলায় পেতে মালবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ‘প্রজেক্ট পরিচয়’। শনিবার মহকুমাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এই বিশেষ পাইলট প্রকল্পের উদ্বোধন করেন জলপাইগুড়ির জেলাশাসক অদিতি চৌধুরী। স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য দপ্তর এবং ভারতীয় ডাক বিভাগের যৌথ উদ্যোগে চালু হওয়া এই পরিষেবার ফলে অভিভাবকদের আর বিভিন্ন দপ্তরে আলাদা করে ছুটতে হবে না। আপাতত মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে এই পরিষেবা চালু করা হয়েছে এবং পরবর্তীতে মহকুমার অন্যান্য হাসপাতালেও তা সম্প্রসারিত হবে।
চা-বাগান অধ্যুষিত এই অঞ্চলে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত বহু পরিবারের নবজাতকদের প্রয়োজনীয় নথি তৈরিতে নানা সমস্যার সম্মুখীন হতে হতো। এই জটিলতা দূর করতে প্রশাসনের উদ্যোগে নেওয়া এই প্রকল্পটি স্থানীয় মানুষের কাছে বড় স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। উদ্বোধনী দিনে একাধিক সদ্যোজাতের অভিভাবকদের হাতে প্রয়োজনীয় নথি তুলে দেওয়া হয়। নথি হাতে পেয়ে খুশি অভিভাবকরা প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে যথেষ্ট প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন।
The post জন্মের পরেই মিলবে সব সরকারি নথি! মালবাজারে শুরু ‘প্রজেক্ট পরিচয়’ appeared first on এবেলা.