শিলিগুড়ি থেকে সিকিম যাতায়াত হবে আরও নিরাপদ, ধসে বিধ্বস্ত ১০ নম্বর জাতীয় সড়কে আসছে বিশাল পরিবর্তন! – এক ঝলক

একঝলক ডেস্ক:
ভূমিধসে প্রতিনিয়ত বিধ্বস্ত হওয়া শিলিগুড়ি-সিকিম যোগাযোগের লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়কের স্থায়ী ও বিজ্ঞানসম্মত সমাধানে বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রক। রানিপুল থেকে রংপো পর্যন্ত প্রায় ২৬ কিলোমিটার এলাকায় দুই লেনের মহাসড়ক তৈরি করা হবে। এর জন্য ৭০৬.৬৩ কোটি টাকার একটি ইপিসি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তত্ত্বাবধানে এই কাজ বাস্তবায়িত হবে, যেখানে ৪ হাজার ৭৪৫ দিনের সময়সীমা ধার্য করা হয়েছে।
প্রস্তাবিত এই প্রকল্পে রাস্তার দুপাশে পাকা অংশসহ আধুনিক মহাসড়ক, একাধিক টানেল এবং ভাইয়াডাক্ট বা উঁচু সেতুপথ নির্মাণ করা হবে। পাহাড়ি পথের ঝুঁকিপূর্ণ সিঙ্কিং জোন ও ভূমিধসের স্থায়ী সমস্যা দূর করতে এই পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। পাহাড়ের এই গুরুত্বপূর্ণ রুটে যাতায়াত দ্রুত ও নিরাপদ করার পাশাপাশি, প্রকল্পের কাজ শেষ হলে কালিম্পং, শিলিগুড়ি এবং সিকিমের অর্থনৈতিক অগ্রগতি ও পর্যটন ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা হবে।