আক্রান্ত খোদ আইনজীবীরাই, ঘরছাড়াদের দেখতে গিয়ে মেদিনীপুরে বামপন্থী সেলের গাড়িতে ভাঙচুর ও হামলা – এক ঝলক

আক্রান্ত খোদ আইনজীবীরাই, ঘরছাড়াদের দেখতে গিয়ে মেদিনীপুরে বামপন্থী সেলের গাড়িতে ভাঙচুর ও হামলা – এক ঝলক

একঝলক ডেস্ক:

পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ও বেনাচাপড়া এলাকায় সাম্প্রতিক রাজনৈতিক সংঘর্ষে ঘরছাড়া বামপন্থী কর্মী-সমর্থকদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে চরম হামলার মুখে পড়লেন আইনজীবী সেলের সদস্যরা। কলকাতা হাইকোর্ট ও মেদিনীপুর আদালতের আইনজীবীদের একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত প্রায় আটটি পরিবার পরিদর্শন শেষে ফেরার পথে ধাদিকা এলাকায় পৌঁছালে তাদের ওপর অতর্কিত আক্রমণ চালায় একদল দুষ্কৃতী। অভিযোগের আঙুল উঠেছে বিজেপি আশ্রিতদের দিকে। এই হামলায় মোট চারটি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং আইনজীবী শামিম আহমেদসহ প্রতিনিধি দলের বেশ কয়েকজন সদস্য আহত হন।

ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত এক আইনজীবী ক্ষোভপ্রকাশ করে জানান, তাঁরা বারবার নিজেদের পরিচয় দেওয়া সত্ত্বেও হামলাকারীরা কোনো কথাই শোনেনি এবং গাড়ি ভাঙচুর করেছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সিপিআইএমের জেলা সম্পাদক বিজয় পাল দাবি করেছেন যে, রাজ্যে সাধারণ মানুষ ও সংবিধান আজ বিপন্ন। যদিও এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে বিজেপি। উল্লেখ্য, এর আগেও বামপন্থী আইনজীবীদের ওপর হামলার ঘটনা ঘটেছিল, যা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *