অ্যাপে দেখানো খরচের চেয়ে প্রায় দ্বিগুণ বিল, সুইগি ও নামী রেস্তরাঁকে ১ লাখ টাকার কড়া শাস্তি দিল উপভোক্তা আদালত – এক ঝলক

একঝলক ডেস্ক:
অনলাইন ফুড ডেলিভারি অ্যাপে দেখানো খরচের চেয়ে বাস্তবে দ্বিগুণ বিল তুলে দেওয়ার অভিযোগে সুইগি ও দিল্লির ‘থেমিস বার্বিকিউ হাউস’ রেস্তরাঁকে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে উপভোক্তা আদালত। ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ৭ এপ্রিল, যখন এক আইনজীবী সুইগি ডাইনআউটের মাধ্যমে ১৪ জনের টেবিল বুক করেন। অ্যাপে মাথাপিছু ৭৫০ টাকা খরচ দেখালেও রেস্তরাঁয় বুফের দাম ১,০৫০ থেকে ১,১০০ টাকা পর্যন্ত রাখা হয়। পাশাপাশি আগাম নোটিস ছাড়াই অন্যায্যভাবে ১০ শতাংশ সার্ভিস চার্জ যুক্ত করা হয়। অতিরিক্ত দাম আদায় ও মানসিক হয়রানির অভিযোগে ক্ষুব্ধ গ্রাহক আদালতের শরণাপন্ন হন।
জেলা উপভোক্তা আদালতের সভাপতি দিব্য জ্যোতি জয়পুরিয়ার নেতৃত্বাধীন বেঞ্চ এই গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করে। সুইগি নিজেদের কেবল অনলাইন মাধ্যম দাবি করে দায় এড়ানোর চেষ্টা করলেও আদালত তা খারিজ করে দেয়। বিভ্রান্তিকর তথ্য পরিবেশন ও অসাধু ব্যবসার দায়ে সুইগি এবং রেস্তরাঁ— উভয়কেই সমানভাবে দোষী সাব্যস্ত করা হয়েছে। আদালত নির্দেশ দিয়েছে, গ্রাহকের থেকে নেওয়া অতিরিক্ত টাকা ৯ শতাংশ সুদে ফেরত দিতে হবে এবং চার সপ্তাহের মধ্যে ১ লাখ টাকা ক্ষতিপূরণ মেটাতে হবে, অন্যথায় ১২ শতাংশ সুদে তা গুণতে হবে।