যাদবপুরে বহিরাগত সভা নিয়ে চরম উত্তেজনা! প্রশাসনের দ্বারস্থ এবিভিপি – এক ঝলক

যাদবপুরে বহিরাগত সভা নিয়ে চরম উত্তেজনা! প্রশাসনের দ্বারস্থ এবিভিপি – এক ঝলক

একঝলক ডেস্ক:

আগামী ৫ অক্টোবর সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্র সংগঠনগুলির উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ কনভেনশনের আয়োজন করা হয়েছে। ‘জেনজি আন্দোলন: প্রজন্ম ও প্রতিরোধের ঐক্য’ ব্যানারে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিতে ক্যাম্পাসে আসার কথা রয়েছে আইসার সর্বভারতীয় সভানেত্রী নেহা বোরার। কেপি বসু মেমোরিয়াল হলে অনুষ্ঠিত এই সভায় জাতীয় শিক্ষানীতি ২০২০, এনটিএ এবং আইএসআই বিল বাতিলের দাবির পাশাপাশি স্কুল ও শিক্ষা বাঁচানোর বার্তা তুলে ধরার পরিকল্পনা রয়েছে। তবে এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহিরাগত রাজনৈতিক ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানোকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে অল ইন্ডিয়া বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ইমেল পাঠিয়ে এবিভিপি জানিয়েছে যে ক্যাম্পাসে বহিরাগতদের নিয়ে এসে সভা করা হাইকোর্টের নিয়মের সম্পূর্ণ পরিপন্থী। যথাযথ অনুমতি ছাড়া এই ধরনের রাজনৈতিক কর্মসূচিকে তারা ‘প্ররোচনার ফাঁদ’ ও বাংলাকে অশান্ত করার একটি গভীর চক্রান্ত বলে অভিহিত করেছে। যদিও পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এই মুহূর্তে কোনো পাল্টা প্রতিবাদের পথে হাঁটছে না সংগঠনটি, তবে কর্তৃপক্ষের কাছে এই সভার অনুমতি কীভাবে মিলল, সেই প্রশ্ন জোরালোভাবে তুলে পুরো বিষয়টি নিয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছে এবিভিপি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *