পুজোর আগেই দারুণ সুখবর! এক ধাক্কায় বাড়ল ভোকেশনাল শিক্ষকদের মাসিক ভাতা

পুজোর আগেই দারুণ সুখবর! এক ধাক্কায় বাড়ল ভোকেশনাল শিক্ষকদের মাসিক ভাতা

পুজোর মুখেই রাজ্যের ভোকেশনাল শিক্ষকদের জন্য এল বড় সুখবর। কেন্দ্রীয় অনুদানপুষ্ট সংহত স্কুলশিক্ষা প্রকল্পের (CSSVSE) অধীনে কর্মরত ভোকেশনাল শিক্ষক ও প্রশিক্ষকদের মাসিক পারিশ্রমিক ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২২ হাজার টাকা করা হয়েছে। কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বর্ধিত বেতন কাঠামো চলতি বছরের ১ অক্টোবর থেকেই কার্যকর হচ্ছে।

বর্তমানে রাজ্যের ১৬০০-রও বেশি স্কুলে প্রায় ২৬০৩ জন ভোকেশনাল শিক্ষক-শিক্ষিকা নিজেদের পরিষেবা দিয়ে চলেছেন। নতুন এই নির্দেশিকা প্রকাশের পর ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডিরেক্টরেটকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, ভাতা বৃদ্ধির পাশাপাশি আগের সমস্ত নিয়ম ও শর্ত অপরিবর্তিত থাকবে। প্যানেলের ট্রেনিং প্রোভাইডারদের মাধ্যমেই নিযুক্ত ভোকেশনাল প্রশিক্ষকরা এই বর্ধিত পারিশ্রমিক হাতে পাবেন। তবে মনে রাখতে হবে, এই ২২ হাজার টাকার মধ্যেই নিয়োগকর্তা ও কর্মী— উভয় পক্ষেরই ইপিএফ (EPF), ইএসআই (ESI)-সহ সমস্ত বিধিবদ্ধ কাটছাঁট যুক্ত থাকবে। এর বাইরে আলাদা করে অতিরিক্ত কোনো অর্থ দাবি করা যাবে না।

গত ২৩ সেপ্টেম্বর রাজ্য অর্থ দপ্তরের চূড়ান্ত অনুমোদনের পরেই এই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। অক্টোবর মাস থেকেই প্রশিক্ষকরা যাতে এই সংশোধিত হারে পারিশ্রমিক পান, তা নিশ্চিত করতে বলা হয়েছে।

এই প্রসঙ্গে এনএসকিউএফ (NSQF) শিক্ষক পরিবারের রাজ্য সম্পাদক শুভদীপ ভৌমিক জানান, স্কুলশিক্ষা দপ্তরের অধীনে ও কারিগরি শিক্ষা দপ্তর পরিচালিত নবম থেকে দ্বাদশ শ্রেণির সরকারি ও সরকার পোষিত উচ্চ মাধ্যমিক স্কুলের বৃত্তিমূলক শিক্ষকরা পুজোর আগে রাজ্য সরকারের তরফ থেকে এই দু’হাজার টাকা বৃদ্ধির সুবিধা পেলেন। প্রকল্পটি কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে পরিচালিত হলেও মাঝখানে বিভিন্ন এজেন্সি থাকার কারণে শিক্ষকরা সাধারণত হাতে বেশ কিছুটা কম অর্থ পেয়ে থাকেন, যা নিয়ে শিক্ষক মহলে আলোচনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *