৭ মাস ধরে বন্ধ জে বি রায় আয়ুর্বেদ হাসপাতালের অস্ত্রোপচার, বিপাকে দূরদূরান্তের রোগীরা – এক ঝলক

৭ মাস ধরে বন্ধ জে বি রায় আয়ুর্বেদ হাসপাতালের অস্ত্রোপচার, বিপাকে দূরদূরান্তের রোগীরা – এক ঝলক

একঝলক ডেস্ক:

অ্যানস্থেসিয়া চিকিৎসকের চরম সংকটে শ্যামবাজারের ঐতিহ্যবাহী জে বি রায় স্টেট আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গত সাত মাস ধরে সমস্ত ধরনের অস্ত্রোপচার পুরোপুরি বন্ধ রয়েছে। প্রায় দুই-তিন বছর ধরে কোনো স্থায়ী অ্যানস্থেসিয়া চিকিৎসক না থাকায় পরিকাঠামো ও আয়ুর্বেদিক সার্জেন থাকা সত্ত্বেও ব্যাহত হচ্ছে চিকিৎসা পরিষেবা। বিশেষ করে ক্ষার সূত্র পদ্ধতিতে পাইলস, ফিসচুলা ও ফিসারের কম খরচে চিকিৎসার জন্য ভিনরাজ্য ও দূরদূরান্ত থেকে আসা রোগীরা মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন। পাশাপাশি, হাতেকলমে শল্যচিকিৎসা শিখতে না পেরে সমস্যার মুখে পড়েছেন হাসপাতালের ডাক্তারি পড়ুয়ারাও।

প্রখ্যাত চিকিৎসক কবিরাজ জামিনী ভূষণ রায় প্রতিষ্ঠিত এই শতবর্ষীন হাসপাতালে প্রতিদিন অসংখ্য মানুষ শল্য বিভাগসহ বিভিন্ন চিকিৎসার আশায় আসেন। কিন্তু জরুরি এই পরিষেবা স্তব্ধ হয়ে পড়ায় অস্ত্রোপচারের তারিখ বারবার পিছিয়ে যাওয়ায় রোগীদের স্বাস্থ্য নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দ্রুত স্থায়ী অ্যানস্থেসিয়া চিকিৎসক নিয়োগের জোরালো দাবি জানিয়েছেন ভুক্তভোগী রোগী পরিজন ও চিকিৎসকরা। অন্যদিকে, হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই অত্যাবশ্যক সমস্যাটির স্থায়ী সমাধানের জন্য স্বাস্থ্য দপ্তরের সাথে আলোচনা ও প্রয়োজনীয় পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *