ডুয়ার্সের প্রবেশদ্বারে পর্যটনের জোয়ার, তৈরি হচ্ছে হাজার হাজার কর্মসংস্থান – এক ঝলক

একঝলক ডেস্ক:
উত্তরবঙ্গের পর্যটন শিল্পের সার্বিক প্রসারে চালসায় আয়োজিত ‘নর্থ বেঙ্গল স্টেকহোল্ডার্স মিট’ সম্মেলনে একগুচ্ছ বড় ঘোষণার কথা জানান পর্যটন মন্ত্রী। চা বাগান, জঙ্গল, নদী ও ধর্মীয় স্থান সমৃদ্ধ জলপাইগুড়ি জেলাকে ‘ডুয়ার্সের প্রবেশদ্বার’ হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ব পর্যটন দিবসে রাজ্যে ঘোষিত ১১,৭৮৪ কোটি টাকার মোট বিনিয়োগের ৪২ শতাংশ বা ৪,৯৭৬ কোটি টাকা পেয়েছে উত্তরবঙ্গ। এর মধ্যে এককভাবে জলপাইগুড়ি জেলাতেই আসছে ৭০০ কোটি টাকার বিশাল বিনিয়োগ, যা থেকে প্রত্যক্ষভাবে অন্তত ৩,০০০ মানুষের কাজের সুযোগ তৈরি হবে।
বিএলজি গ্রুপ, তুলসী গ্রুপ ও পোমেশ হেলথকেয়ারের মতো বড় সংস্থাগুলি রিসোর্ট, বিনোদন কেন্দ্র এবং হাসপাতাল তৈরিতে বিপুল অঙ্কের অর্থ বিনিয়োগ করছে। পাশাপাশি কমিউনিটি ট্যুরিজমের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ এবং প্রতিবেশী দেশ সিকিম, ভুটান, নেপাল ও বাংলাদেশের সঙ্গে ধর্মীয় ও সীমান্ত পর্যটনে জোর দেওয়া হয়েছে। এছাড়া হোটেল ব্যবসায়ী ও ট্যুর অপারেটরদের কেন্দ্রীয় ‘নিধি’ প্ল্যাটফর্মে নিবন্ধনের পরামর্শের সঙ্গে কারালা নদীর সৌন্দর্য্যায়ন এবং পরিবেশবান্ধব পর্যটন নীতি বাস্তবায়নের বার্তা দিয়েছেন মন্ত্রী।