শিয়ালদহ স্টেশনে আসছে বিরাট বদল! মাল্টিপ্লেক্স থেকে স্লিপিং পড, কী থাকছে এই আধুনিক ট্রাভেল হাবে? – এক ঝলক

একঝলক ডেস্ক:
কলকাতার অন্যতম ব্যস্ত শিয়ালদহ স্টেশনের পরিকাঠামোয় বড়সড় পরিবর্তন আনতে চলেছে পূর্ব রেল। যাত্রীদের অভিজ্ঞতা আধুনিক ও উন্নত করতে পাবলিক-প্রাইভেট অংশিদারিত্বের মাধ্যমে স্টেশনটিকে একটি পূর্ণাঙ্গ ‘ট্রাভেল হাব’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই তিন তলা ও এক টেরেস বিশিষ্ট রিক্রিয়েশন জোনে দেশি-বিদেশি ব্র্যান্ডের আউটলেট, পোশাক, ইলেকট্রনিক্স ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকান, ফুড কোর্ট এবং ক্যাফেটেরিয়া থাকছে। পাশাপাশি, যাত্রীদের বিনোদনের জন্য বিশেষ গেমিং জোন, মাল্টিপ্লেক্স এবং স্বল্প সময়ের বিশ্রামের জন্য ‘স্লিপিং পড’-এর ব্যবস্থা করা হচ্ছে।
জিএসটি-সহ প্রায় ৩৯ কোটি ৮১ লক্ষ ২০ হাজার টাকার এই দশ বছরের প্রকল্পের কাজ বা পরিষেবা আগামী ২০২৭ সালের ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে। এর ফলে শিয়ালদহ স্টেশনে ট্রেন ধরতে এসে যাত্রীরা এক ছাদের নিচে কেনাকাটা, খাওয়াদাওয়া, বিনোদন ও বিশ্রামের সুযোগ পাবেন। একই সঙ্গে এই উদ্যোগের মাধ্যমে পূর্ব রেলের নন-ফেয়ার রাজস্ব বা আয় বৃদ্ধির নতুন সুযোগ তৈরি হবে।