ছুরির কোপেও দমেননি! মচ্ছর-মোদিকে ঘিরে নেতানিয়াহুর বড় চমক, ইজরায়েলের স্বাধীনতা দিবসে বিশেষ আমন্ত্রণ – এক ঝলক

একঝলক ডেস্ক:
৩৪ হাজার ফুট উঁচুতে ককপিটে প্রাণঘাতী হামলা রুখে দিয়ে বেনজির বীরত্ব দেখালেন ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছর, যা বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাই দুবাইয়ের একটি বিমানে ওমানি সহ-পাইলট হামলা চালিয়ে বিমানটি ধ্বংস করার চেষ্টা করেন। রক্তাক্ত ও গুরুতর আহত হওয়া সত্ত্বেও অদম্য সাহসের পরিচয় দিয়ে ক্যাপ্টেন মচ্ছর ককপিটের দরজা খুলে দেন, যার ফলে যাত্রীরা দ্রুত ভেতরে ঢুকে হামলাকারীকে কাবু করতে সক্ষম হন। পরবর্তীতে বিমানটিকে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করানো সম্ভব হয়।
এই অসাধারণ সাহসিকতায় মুগ্ধ হয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ক্যাপ্টেন মচ্ছরকে ইজরায়েলের স্বাধীনতা দিবসের ঐতিহ্যবাহী মশাল প্রজ্জ্বলন অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন। আবু ধাবিতে চিকিৎসাধীন মচ্ছরের সঙ্গে ফোনালাপে নেতানিয়াহু তাঁকে ‘বিশ্বের নায়ক’ বলে অভিহিত করেন এবং জানান যে সাধারণত ইজরায়েলি নাগরিকদের জন্য নির্ধারিত এই সর্বোচ্চ সম্মান তাঁর জন্য অত্যন্ত আনন্দের সঙ্গে উন্মুক্ত করা হচ্ছে। একই সঙ্গে ইজরায়েলের স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।