রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় ইউক্রেনে সম্পূর্ণ ধ্বংস ভারতীয় ওষুধ কারখানা! ১ জনের মৃত্যু, বিপুল ক্ষয়ক্ষতি – এক ঝলক

একঝলক ডেস্ক:
রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধ দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। এবার ইউক্রেনের সুমি অঞ্চলে রাশিয়ার এক প্রাণঘাতী ড্রোন হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ভারতীয় শিল্পপতি রাজীব গুপ্তার মালিকানাধীন ‘কুসুম’ সংস্থার একটি ওষুধ কারখানা। ইউক্রেনীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, এই হামলায় ১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৪০০ কোটি টাকা) মূল্যের কারখানাটি ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত সংস্থাটির ওষুধ উৎপাদন পুরোপুরি থমকে দাঁড়িয়েছে। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ফুটেজে দেখা গেছে, তীব্র ধোঁয়ায় ঢেকে গেছে পুরো এলাকা এবং ধসে পড়েছে পুরো অবকাঠামো।
১৯৯৪ সালে প্রতিষ্ঠিত কুসুম শিল্পগোষ্ঠী ২০০৯ সাল থেকে ইউক্রেনের সুমিতে নিজস্ব কারখানায় ওষুধ উৎপাদন করে আসছে। সংস্থাটি বর্তমানে প্রায় ৫০ ধরনের ওষুধ তৈরি করে উজবেকিস্তান, কাজাখস্তান ও ফিলিপিন্সসহ ৯টি দেশে সরবরাহ করে থাকে। ২০২২ সালে রুশ-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরও এই প্ল্যান্টটি নিয়মিত চলছিল, তবে রবিবারের এই আকস্মিক হামলা সব স্তব্ধ করে দিল। বর্তমানে মস্কো ইউক্রেনজুড়ে দ্রুতগামী জেট-চালিত শাহেদ ড্রোন দিয়ে ঘনঘন আক্রমণ চালাচ্ছে, যা প্রতিহত করতে হিমশিম খাচ্ছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী। এর জবাবে ইউক্রেনও ২৫০ কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে।