‘এছাড়া কোনও উপায় ছিল না…’, কোন বিমানে বাংলাদেশ ছেড়েছিলেন হাসিনা? ফাঁস হল চাঞ্চল্যকর তথ্য! – এক ঝলক

একঝলক ডেস্ক:
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়া এবং তাঁকে দেশে ফেরানো নিয়ে চলছে চরম কূটনৈতিক টানাপোড়েন। ঢাকায় অনুষ্ঠিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ শীর্ষক আলোচনাসভায় এ বিষয়ে ভারতের স্পষ্ট অবস্থান ব্যাখ্যা করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। তিনি জানান, ২০২৪ সালের ৫ অগস্ট ছাত্র-গণআন্দোলনের মুখে হাসিনা ভারতীয় বায়ুসেনা বা সেনার সহায়তায় নয়, বরং বাংলাদেশের সামরিক বিমানেই ভারতে অবতরণ করেছিলেন। এক প্রতিবেশী দেশ হিসেবে কেবল মানবিকতা ও তাঁর নিরাপত্তার স্বার্থেই ভারতে আশ্রয়ের অনুমতি দেওয়া হয়েছিল এবং তখনকার পরিস্থিতিতে ভারতের কাছে এছাড়া অন্য কোনো উপায় ছিল না বলে তিনি উল্লেখ করেন।
বর্তমানে হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী দাবির মুখে ভারতের রাষ্ট্রদূত নিশ্চিত করেছেন যে আইনি প্রক্রিয়া মেনেই এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। তবে আদালত জড়িয়ে থাকায় প্রত্যর্পণের নির্দিষ্ট কোনো সময়সীমা বাঁধা সম্ভব নয় এবং আবেদনটি এখন খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক উত্তাপ এবং তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর ঘিরে সংশয়ের মাঝেই প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে রাষ্ট্রদূতের এই বক্তব্য দ্বিপাক্ষিক কূটনীতিতে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা পৌঁছে দিচ্ছে।