বন্ধ ঘরের ভেতর ঝুলছে স্বামীর দেহ, বিছানায় স্ত্রী! পঞ্চসায়রে রহস্যমৃত্যু

কলকাতার পঞ্চসায়র থানা এলাকার নয়াবাদে এক প্রবীণ দম্পতির রহস্যমৃত্যুকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে একটি আবাসিক বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয়দের উপস্থিতিতে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতেই শিহরণ জাগানো দৃশ্য দেখতে পান তদন্তকারীরা। সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় ঝুলছিলেন অসিত আশ (৬৬) নামের এক ব্যক্তি, আর পাশেই বিছানায় পড়েছিল তাঁর স্ত্রী মন্দিরা আশের (৬৪) মরদেহ।
পুলিশ দ্রুত দু’জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়, যেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরে ওই দম্পতি এই বাড়িতেই বসবাস করতেন। ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী বাজেয়াপ্ত করেছে। স্ত্রীকে খুন করে স্বামী আত্মঘাতী হয়েছেন, নাকি এই মর্মান্তিক ঘটনার নেপথ্য অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে পঞ্চসায়র থানার পুলিশ।