২০২৫-এর OBC সার্টিফিকেট বাতিল! কলকাতা হাইকোর্টের বড় নির্দেশে তোলপাড় রাজ্য

২০২৫-এর OBC সার্টিফিকেট বাতিল! কলকাতা হাইকোর্টের বড় নির্দেশে তোলপাড় রাজ্য

কলকাতা: রাজ্য সরকারের ২০২৫ সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে প্রদান করা সমস্ত ওবিসি (OBC) সার্টিফিকেটকে বাতিল বলে ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে, ওই সময়ে প্রকাশিত বিজ্ঞপ্তির কোনো আইনি ভিত্তি ছিল না, ফলে তার ওপর নির্ভর করে দেওয়া ওবিসি সার্টিফিকেটগুলিও শুরু থেকেই অবৈধ। হাইকোর্টের এই রায়ের ফলে রাজ্য ও জাতীয় স্তরের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার পরীক্ষার্থীদের ওপর বড় প্রভাব পড়তে চলেছে।

কী জানাল হাইকোর্ট? এক পরীক্ষার্থীর ওবিসি-এ (OBC-A) সার্টিফিকেট নিয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি অনুজ সিংয়ের ডিভিশন বেঞ্চ এই রায় দেয়। ডিভিশন বেঞ্চ জানায়, যে নির্দেশের ওপর ভিত্তি করে সার্টিফিকেট প্রদান করা হয়েছে, সেটিই যদি আইনের চোখে অসিদ্ধ হয়, তবে তার ওপর ভর করে পাওয়া কোনো সার্টিফিকেট বৈধ হতে পারে না।

উল্লেখ্য, ২০২৪ সালের ২২ মে হাইকোর্ট রাজ্যের ওবিসি শ্রেণিবিন্যাস ও সংরক্ষণ ব্যবস্থা বাতিল করেছিল। এর পর ২০২৫ সালের মে ও জুন মাসে রাজ্য সরকার নতুন বিজ্ঞপ্তি জারি করলেও তা কার্যকর করার উপযুক্ত আইনি ভিত্তি ছিল না। তবে ২০১০ সালের আগের তালিকা অনুযায়ী যাঁরা ওবিসি ক্যাটাগরির আওতায় ছিলেন, তাঁদের নতুন করে আবেদন করার সুযোগ রয়েছে।

নিট ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সরাসরি প্রভাব এই রায়ের ফলে বিশেষ করে নিট (NEET)-সহ বিভিন্ন প্রবেশিকা ও সরকারি চাকরির পরীক্ষার্থীরা বড় ধাক্কা খেলেন। বিজ্ঞপ্তির ওপর ভিত্তি করে তৈরি ওবিসি সার্টিফিকেট দেখিয়ে যাঁরা চলতি বছর সংরক্ষণের সুবিধা দাবি করেছিলেন, তাঁদের আর ওবিসি প্রার্থী হিসেবে গণ্য করা হবে না। পরিবর্তে তাঁদের সাধারণ শ্রেণি (General Category) হিসেবে বিবেচনা করা হবে।

ছাত্রছাত্রীদের স্বস্তি দিতে সরকারের কোর্টে বল পরীক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে রাজ্য সরকার যদি কোনো প্রশাসনিক পদক্ষেপ বা বিশেষ ব্যবস্থা নিতে চায়, তবে নিতে পারে। তবে এ নিয়ে রাজ্য সরকারকে কোনো বাধ্যতামূলক নির্দেশ দেয়নি কলকাতা হাইকোর্ট; পুরো বিষয়টি রাজ্য সরকারের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *