দুই দশক পর একমঞ্চে ঠাকরে ব্রাদার্স! মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ইভিএম বাতিলের দাবিতে তোলপাড় মুম্বই
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ও ইভিএম প্রক্রিয়ার বিরুদ্ধে সোচ্চার হয়ে দীর্ঘ দুই দশক পর একমঞ্চে এলেন শিবসেনা (উদ্ধব) প্রধান উদ্ধব ঠাকরে এবং মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে। রবিবার মুম্বইয়ের রাজপথে আয়োজিত ‘বিরাট গর্জন মোর্চা’ মিছিলে কংগ্রেস ও এনসিপি-এর শীর্ষ নেতারাও পা মেলেন। মেট্রো সিনেমা এলাকা থেকে শুরু হওয়া এই মিছিল দক্ষিণ মুম্বইয়ের বৃহন্মুম্বাই পৌর নিগম সদর দফতরের দিকে অগ্রসর হয়। এ সময় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং মহারাষ্ট্রে এসআইআর প্রক্রিয়া অবিলম্বে বাতিলের দাবি জানান দুই ঠাকরে ভাই।
মিছিল থেকে রাজ ঠাকরে ইভিএমের পরিবর্তে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি তুলে ভোটার তালিকা সংশোধনের নামে লক্ষ লক্ষ নাম বাদ দেওয়ার তীব্র প্রতিবাদ জানান। অন্যদিকে, উদ্ধব ঠাকরে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে মানুষের ভোটাধিকার হরণের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। উল্লেখ্য, এই বিতর্কিত বিষয়টিকে কেন্দ্র করে এর আগে দিল্লি ও মুম্বইয়ে ছাত্র ও রাজনৈতিক দলগুলোর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি, যেখানে বেশ কয়েকজন শীর্ষ রাজনৈতিক নেতা পুলিশি আটকের মুখোমুখি হন।