মুষলধারে বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ ফুট খাদে গাড়ি! কার্শিয়ঙের মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ১

রবিবার রাতে কার্শিয়ঙের কার্গিলদারা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন আরও পাঁচ জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রবল বৃষ্টির মধ্যে কার্শিয়ং থেকে শিলিগুড়ির দিকে ফিরছিল ছয় বন্ধুর একটি দল। রোহিণীর কাছে পাহাড়ি রাস্তায় পৌঁছানোর পর হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় দু’শো ফুট গভীর খাদে গিয়ে পড়ে। অন্ধকারের মধ্যে বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান।
খবর পেয়ে পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। চিকিৎসকেরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের মধ্যে দু’জন কার্শিয়ঙে চিকিৎসাধীন এবং বাকি তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয়েছে। মৃত ও আহতরা সকলেই শিলিগুড়ির বাসিন্দা। প্রবল বৃষ্টির মাঝে পাহাড়ি রাস্তায় এই ভয়াবহ দুর্ঘটনায় ফের রাতের যাতায়াতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।