পুজোর মুখে আবহাওয়া দপ্তরের বার্তা, জেনে নিন বৃষ্টির লেটেস্ট আপডেট

পুজোর মুখে আবহাওয়া দপ্তরের বার্তা, জেনে নিন বৃষ্টির লেটেস্ট আপডেট

উৎসবের মরসুমে পুজোর কেনাকাটা যখন তুঙ্গে, ঠিক তখনই বাঁধা হয়ে দাঁড়াচ্ছে মরসুমি বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর বাংলাদেশ থেকে ওড়িশা এবং সিকিম থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত জোড়া অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবেই এই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তবে স্বস্তির খবর হলো, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বা উত্তরবঙ্গের কোথাও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার থেকে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড়বৃষ্টি হতে পারে। অন্য দিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও মালদহে দমকা হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

তবে সপ্তাহের শেষভাগে কেনাকাটার অনুকূলে ধীরে ধীরে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটতে চলেছে। আগামী বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে রাজ্যজুড়ে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে আসবে এবং একই সঙ্গে রাজ্য থেকে বর্ষা বিদায়ের জন্য অনুকূল পরিবেশ তৈরি হতে শুরু করবে। এই দিনগুলিতে কলকাতায় ভারী বা একটানা বৃষ্টির আশঙ্কা নেই বললেই চলে, পাশাপাশি তাপমাত্রারও বড় কোনো রদবদল হবে না। তবে বাতাসে অতিরিক্ত আর্দ্রতার উপস্থিতির কারণে কিছুটা ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকবে। সব মিলিয়ে উৎসবের মুখে উত্তর ও দক্ষিণবঙ্গের বাজারে কেনাকাটায় বেরোনোর আগে বড় বিপর্যয় না থাকলেও, আচমকা পশলা বৃষ্টির প্রস্তুতি সাথে রাখা বুদ্ধিমানের কাজ হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *