‘ফটোশুট করে পুরসভা চলে না!’ উত্তর কলকাতায় ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বিস্ফোরক বিজেপি বিধায়ক

উত্তর কলকাতার কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা এলাকায় ডেঙ্গির ভয়াবহ প্রকোপ এবং পুরসভার প্রশাসনিক উদাসীনতা নিয়ে চরম ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বিজেপি বিধায়ক রীতেশ তিওয়ারি। বিশেষ করে ৬ নম্বর ওয়ার্ড-সহ বি টি রোড সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চলকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হলেও ঘরে ঘরে জ্বর ও ডেঙ্গি আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুরসভার অদক্ষতা ও আধিকারিকদের বিরুদ্ধে ভুল পরিসংখ্যান পেশের অভিযোগ তুলে বিধায়ক জানান, জঞ্জালভর্তি ৩০টিরও বেশি পুকুর ও ডোবা পরিষ্কারের জন্য বারবার আবেদন জানালেও কর্পোরেশনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ করা হয়নি।
এমনকী পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল পরিদর্শনে এলে প্রকৃত চিত্র আড়াল করার চেষ্টা করা হয় বলে তাঁর অভিযোগ। তবে এই সমস্ত গুরুতর অভিযোগকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, সর্বোচ্চ সংক্রমণ থাকা এলাকাতেই তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাৎক্ষণিকভাবে জমা আবর্জনা পরিষ্কার ও সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, রীতেশ তিওয়ারির তোলা অভিযোগকে মান্যতা দিয়ে পুজোর আগেই তিনি নিজে ওই সমস্ত এলাকা সরজমিনে পরিদর্শন করার আশ্বাস দিয়েছেন।