সৌরপ্রকল্পের কোটি টাকার সামগ্রী গায়েব, নেপথ্যে শাসকদলেরই দুই প্রভাবশালী মুখ?

পাথরপ্রতিমার শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি বন্ধ হয়ে যাওয়া সৌর বিদ্যুৎ কেন্দ্রের সামগ্রী চুরি ও বিক্রির চাঞ্চল্যকর অভিযোগে শাসকদলের দুই পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম প্রদ্যোত বর্মন ও অতিথিবন্ধু দাস, যাদের মধ্যে প্রদ্যোতবাবু ওই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ২৫ বছর আগে রাখালপুর এলাকায় স্থাপিত এই কেন্দ্রটি এলাকায় বিদ্যুৎ পৌঁছে যাওয়ার পর বন্ধ হয়ে যায়। পরবর্তীতে প্রকল্পের মূল মূল্যবান সরঞ্জাম চুরির ঘটনা ঘটতে থাকলে বেশ কয়েকজনের বিরুদ্ধে গোবর্ধনপুর কোস্টাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
দায়ের হওয়া নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে পুলিশ শনিবার কাকদ্বীপ এলাকা থেকে তৃণমূলের ওই দুই জনপ্রতিনিধিকে গ্রেপ্তার করে। কাকদ্বীপ মহকুমা আদালতের আইনজীবী শঙ্কর নারায়ণ মান্না জানান, সরকারি প্রকল্পের সম্পদ চুরি ও অবৈধভাবে তা বিক্রির অপরাধেই তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। পুরো ঘটনার সঙ্গে অন্য কারও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশী তদন্ত জারি রয়েছে।