রাশিয়ার গবেষণাগারে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু ঘিরে ফের বিশ্বজুড়ে মহামারির আতঙ্ক

রাশিয়ার সাইবেরিয়ায় এক ২৮ বছর বয়সী মহিলা গবেষকের আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে ফের নতুন করে মহামারি ছড়ানোর চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, ইরকুটস্ক অ্যান্টি-প্লেগ রিসার্চ ইনস্টিটিউটের গবেষক দারিয়া শিপিলোভা ল্যাবরেটরিতে কাজ করার সময় জীবন্ত ব্যাকটেরিয়া থাকা একটি টেস্ট টিউব ভেঙে দুর্ঘটনাবশত মারাত্মক সংক্রামক জীবাণুর সংস্পর্শে আসেন। এরপরই তিনি গুরুতর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান। প্রাথমিক তদন্ত ও আঞ্চলিক কর্তৃপক্ষের দাবি অনুযায়ী এটি প্লেগের সংক্রমণ হতে পারে, যদিও রাশিয়ার কেন্দ্রীয় প্রশাসন এখনও তা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।
এই ঘটনার পরপরই প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং মৃত গবেষকের সংস্পর্শে আসা প্রায় ২০০ জন ব্যক্তিকে চিহ্নিত করে কোয়ারান্টিন ও কড়া মেডিকেল নজরদারিতে পাঠিয়েছে। সংলগ্ন এলাকার হাসপাতাল এবং কারখানাগুলিতেও জরুরি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত নজরদারিতে থাকা ব্যক্তিদের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে এবং নতুন করে কারও অসুস্থ হওয়ার খবর মেলেনি। সরকারিভাবে মৃত্যুর কারণকে অজানা নিউমোনিয়া বলে উল্লেখ করা হলেও ল্যাবের সুরক্ষা ও সংক্রমণের প্রকৃত উৎস নিয়ে আন্তর্জাতিক স্তরে নানা ধোঁয়াশা ও উদ্বেগ তৈরি হয়েছে।