কলকাতা থেকে এবার সোজা ইউরোপ? রাজ্যে ৮টি নতুন বিমানবন্দর গড়ার মেগা ঘোষণা!
October 6, 20267:35 am

কলকাতা: বাংলায় বিমান পরিকাঠামো ও আকাশপথের যোগাযোগ আমূল বদলে ফেলতে একগুচ্ছ বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র ও রাজ্য সরকার। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কিঞ্জরাপু রামমোহন নায়ডুর যৌথ উপস্থিতিতে মোট ৪টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
এক নজরে বড় ঘোষণাগুলি:
- ৮টি নতুন বিমানবন্দর: রাজ্যের জেলাগুলিতে যোগাযোগব্যবস্থা সুদৃঢ় করতে ৮টি নতুন বিমানবন্দর ও এয়ারস্ট্রিপ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
- কলকাতা থেকে ইউরোপ উড়ান: কলকাতা বিমানবন্দর থেকে ইউকে ও ইউরোপের বিভিন্ন শহরে সরাসরি বিমান চালুর বিষয়ে কেন্দ্রীয় স্তরে দ্রুত পদক্ষেপ করা হচ্ছে।
- বেহালায় পাইলট ট্রেনিং হাব: রাজ্যের যুবসমাজ যাতে বিমানচালনায় নিজেদের ভবিষ্যৎ গড়তে পারে, তার জন্য বেহালা ফ্লাইং ক্লাবকে বিশ্বমানের উন্নত পাইলট প্রশিক্ষণ কেন্দ্রে উন্নীত করার সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে।
- দ্বিতীয় কলকাতা বিমানবন্দর: নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উত্তরোত্তর যাত্রীচাপ বাড়তে থাকায় কলকাতার কাছেই আরও একটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দর গড়ার পরিকল্পনা করছে মোদী সরকার।
- জট মুক্ত কলাইকুন্ডা ও হাসিমারা: জমি জটিলতায় দীর্ঘদিন থমকে থাকা কলাইকুন্ডা ও হাসিমারা বিমানবন্দরের সম্প্রসারণ কাজ কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে ফের দ্রুত গতিতে শুরু করা হয়েছে।
কর্মসংস্থান ও বাণিজ্যে নতুন দিশা: মুখ্যমন্ত্রী জানান, এই বিমান পরিকাঠামোর অভূতপূর্ব উন্নতির ফলে সাধারণ যাত্রীদের সুবিধা বৃদ্ধির পাশাপাশি বাংলায় তৈরি হবে প্রচুর নতুন কাজের সুযোগ। এর সুফল মিলবে রাজ্যের কৃষি এবং খাদ্য প্রক্রিয়াকরণ খাতের বাণিজ্যেও।