‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’! দিল্লিতে বিরোধী জোটের পদযাত্রা ও রামলীলা ময়দানে ডেডলাইন, দেখুন পুরো সূচি

নতুন দিল্লি: ‘ভোট চুরি’র গুরুতর অভিযোগ তুলে এবং দেশের মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবিতে দেশজুড়ে লাগাতার আন্দোলনের ডাক দিল কংগ্রেস ও বিরোধী ‘ইন্ডি’ (INDIA) জোট। সোমবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর উপস্থিতিতে এক উচ্চপর্যায়ের বৈঠকে দু’মাস ব্যাপী দীর্ঘ আন্দোলনের রূপরেখা তৈরি করা হয়েছে।
কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল স্পষ্ট জানিয়েছেন, মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণ এবং নির্বাচনী ব্যবস্থায় স্বচ্ছতা না আসা পর্যন্ত আন্দোলন থামবে না। ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে দুই দফায় নিজেদের এবং জোটের কর্মসূচি ঘোষণা করেছে কংগ্রেস।
কংগ্রেসের একক কর্মসূচি:
- ১০ – ২০ অক্টোবর: দেশের প্রতিটি ব্লক স্তরে বাইক র্যালি, সাইকেল র্যালি ও পদযাত্রার আয়োজন করা হবে।
- ২৫ অক্টোবর – ২৫ নভেম্বর: রাজ্য, জেলা ও গ্রাম স্তরে ‘ভোট বাঁচাও-দেশ বাঁচাও’ র্যালি। পাশাপাশি, ভোটার তালিকা থেকে বাদ যাওয়া প্রায় ১৩ কোটি নাগরিকের নাম ফের অন্তর্ভুক্ত করার জন্য বাড়ি বাড়ি গিয়ে অভিযান চালাবেন কংগ্রেস কর্মীরা।
- ২৫ – ২৬ নভেম্বর: দেশের ৬টি ভিন্ন রাজ্য থেকে শুরু হবে ‘দিল্লি চলো’ যাত্রা, যা শেষে রাজধানী দিল্লিতে বিশাল বিক্ষোভ সমাবেশে রূপ নেবে।
‘ইন্ডি’ (INDIA) জোটের যৌথ প্রতিবাদ:
- ৬ অক্টোবর (সকাল ১১টা): সমস্ত বিরোধী দলের সাংসদরা একজোট হয়ে সংসদ ভবন থেকে নির্বাচন কমিশন ভবন পর্যন্ত বিশাল পদযাত্রা করবেন।
- ৮ অক্টোবর: দেশজুড়ে জেলা স্তরে ‘ভোট চুরি’র বিরুদ্ধে যৌথ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।
- ১ নভেম্বর: দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে আয়োজিত হবে বিরোধী জোট ‘ইন্ডি’-র মেগা সমাবেশ, যেখানে জাতীয় স্তরের সমস্ত বিরোধী শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন।
‘সিইসি বিল’ ও তৃণমূলের তোপ
এই যৌথ আন্দোলন প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন বিজেপির কঠোর সমালোচনা করে বলেন, “২০২৩ সালে অন্যায্যভাবে ১৪৬ জন সাংসদকে বরখাস্ত করে বিতর্কিত ‘সিইসি বিল’ পাস করিয়েছিল কেন্দ্রীয় সরকার, যাতে নির্বাচন কমিশনার নিয়োগকারী প্যানেল থেকে প্রধান বিচারপতিকে সরিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে বসানো যায়।” মঙ্গলবার জোটের ১৪৬ জনেরও বেশি প্রতিনিধি রাজপথে নেমে এই অন্যায় ও প্রধান নির্বাচন কমিশনারের অপসারণের দাবিতে সরব হবেন বলে জানান তিনি।