সুপ্রিম কোর্টে ঝটপট জাস্টিস! একসঙ্গে ৩ নতুন বিচারপতির ঐতিহাসিক নিয়োগ!

সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বাড়াতে বড় পদক্ষেপ করল কেন্দ্র সরকার। সোমবার দেশের শীর্ষ আদালতে একসঙ্গে তিন নতুন বিচারপতির নিয়োগের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের কলেজিয়াম এই তিন বিচারপতির নাম সুপারিশ করেছিল। সেই সুপারিশে সিলমোহর দিয়েই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই নতুন নিয়োগের ফলে সুপ্রিম কোর্টে বিচারপতির অনুমোদিত ৩৮টি পদের বিপরীতে কর্মরত বিচারপতির সংখ্যা বেড়ে হল ৩৭, যা মামলার জট কমাতে বিশেষ ভূমিকা নেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
কেন্দ্রের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সুপ্রিম কোর্টের নতুন তিন বিচারপতি হলেন গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতি সুনীতা আগরওয়াল, দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় এবং তেলঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং। বর্ণময় আইনি কেরিয়ার ও দীর্ঘ বিচারবিভাগীয় অভিজ্ঞতাসম্পন্ন এই তিন বিশিষ্ট বিচারপতির সংযোজন শীর্ষ আদালতের বিচার প্রক্রিয়াকে আরও গতিশীল করবে। ফাঁকা পদের সংখ্যা কমে যাওয়ায় বিচারপ্রার্থীরা দ্রুত বিচার পাবেন বলেই আশা করা হচ্ছে।