নেশায় লাগাম! কেন্দ্রের মানদণ্ডে দেশের প্রথম ‘তামাকমুক্ত’ গ্রাম হয়ে ইতিহাস গড়ল কেরলের কিঝামাদ

প্রাণঘাতী তামাকের বিরুদ্ধে লড়াইয়ে এক ঐতিহাসিক নজির গড়ল দক্ষিণের রাজ্য কেরল। এর্নাকুলাম জেলার কিঝামাদ গ্রামটি রাজ্যের প্রথম ‘তামাকমুক্ত গ্রাম’ হিসেবে সরকারি স্বীকৃতি অর্জন করেছে। কেন্দ্রীয় সরকারের নির্ধারিত কঠোর মানদণ্ডে ১৫০-র মধ্যে ১৪৪ নম্বর পেয়ে এই অনন্য সাফল্য ছিনিয়ে নিয়েছে গ্রামটি। রবিবার কেরল সরকারের তরফ থেকে এক সরকারি বিবৃতিতে এই গৌরবোজ্জ্বল অর্জনের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। দীর্ঘমেয়াদী সচেতনতামূলক প্রচার এবং কড়া প্রশাসনিক নিয়মের ফলেই মূলত এই সাফল্য এসেছে।
প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, তামাকমুক্ত গ্রামের অর্থ এই নয় যে সেখানে কেউ ধূমপান করেন না; বরং এর মূল ভিত্তি হলো স্কুলের ১০০ গজের মধ্যে তামাকজাত পণ্য বিক্রি ও ১৮ বছরের কম বয়সিদের কাছে তা নিষিদ্ধ করা। পাশাপাশি, প্রকাশ্যে ধূমপান ও বিজ্ঞাপন নিষিদ্ধকরণ এবং নিয়ম লঙ্ঘনকারীদের জরিমানার কড়া ব্যবস্থা করা হয়েছে। ‘কুডুম্বাশ্রী’ ইউনিট, স্বাস্থ্যকর্মী ও গ্রামবাসীর সম্মিলিত প্রচেষ্টাতেই এই সাফল্য সম্ভব হয়েছে। উল্লেখ্য, এর আগে গ্রামটি দু’বার ‘টিবি মুক্ত পুরস্কার’ও অর্জন করেছে।